দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
নন্দীগ্রামে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। মমতার প্রার্থী আগেই ময়দান ছেড়েছেন। ঋতব্রত শিবিরের প্রার্থীকে রবিবার দেখা যায়নি নন্দীগ্রামের প্রচারে। অন্য দিকে, কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এখনও জেলবন্দি। উপনির্বাচন ঘিরে নাটকীয়তার সাক্ষী থাকছে রেজিনগরও। মমতার প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ঘোষণার পরেও ‘মমতার কথায়’ ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার ভোটের প্রচারও সেরেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুনের ছেড়ে দেওয়া আসনে এ বার প্রার্থী হয়েছেন হুমায়ুন-পুত্র গোলাম নবী আজ়াদ। তবে হুমায়ুনের দাবি, তিনি আর মাঠে-ময়দানে নেমে প্রচার করবেন না। ছেলেকেও বারণ করেছেন। এখন থেকে তাঁরা সমাজমাধ্যমেই প্রচার করবেন।
অডিয়ো-বিতর্কে জিজ্ঞাসাবাদের জন্য বহরমপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবীরকে। শনিবার বিকেলে হুমায়ুনের বাড়িতে গিয়ে নোটিস ধরিয়ে আসে পুলিশ। সোমবার সকাল ১১টার সময় বহরমপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে হুমায়ুনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। অভিযোগ, ফোনে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন হুমায়ুন। সেই অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের তদন্তের ভিত্তিতে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ।
সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি বাড়বে।
সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনায় একাধিক পদক্ষেপ করেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি প্রশ্নপত্রে পৃথক ক্রমিক সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ জন। ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ এবং ছাত্রী ৪ লক্ষ ২ হাজার ৮৮৯ জন। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা।