দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মঙ্গলবার ভোররাত এবং ভরদুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এবং মুর্শিদাবাদের ধুলিয়ানে দুই পুলিশি এনকাউন্টারের ঘটনার রাজ্য জুড়ে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের উপর অপরাধ দমনে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, বিজেপি বিধায়ক রত্না দেবনাথেরা প্রকারন্তরে ‘শর্টকার্ট ন্যায়বিচারে’র পথ হিসেবে মান্যতা দিয়ে দিয়েছেন পুলিশি এনকাউন্টারকে। আবার বিরোধীরা প্রশ্ন তুলেছে বিচার বহির্ভূত ‘হত্যাকাণ্ড’ নিয়ে।
পুজোর পর ফের বসছে মন্ত্রিসভার বৈঠক। আজ দুপুর ১২টায় এই বৈঠক নবান্নে আয়োজিত হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বৈঠক হবে। তার আগে বিধানসভায় নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ এবং রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার শপথ গ্রহণ করবেন। সেই কর্মসূচিতেও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
আজ দুপুরে অন্ধ্র উপকূলে অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে ঝাঁপিয়ে পড়বে ‘অর্ণব’। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আজ ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই চার জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি।