পুজোর মরসুমের পরেই কলকাতা পুরভোট। এমন পরিস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন কলকাতা পুরসভার দুই প্রাক্তন মেয়র পারিষদ সঞ্চিতা মণ্ডল ও ফরজ়ানা চৌধুরী। কলকাতার পুরনো ৬৪ নম্বর ওয়ার্ড থেকে ফরজ়ানা এবং ৫১ নম্বর ওয়ার্ড থেকে সঞ্চিতা আগে পুর-প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তবে সিপিআই নেত্রী ফরজ়ানা পরে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের দফতরে বুধবার ফরজ়ানা ও সঞ্চিতার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উপস্থিত ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, সুমন রায়চৌধুরী, সমাজমাধ্যম বিভাগের চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য, সাংস্কৃতিক বিভাগের সুদীপ্তা রায়চৌধুরী প্রমুখ। শুভঙ্কর বলেছেন, ‘‘আরএসএস-বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে রাহুল গান্ধীর লাগাতার ও আপসহীন লড়াইয়ে আস্থা রেখে বিভিন্ন দল থেকে নেতা-কর্মীরা কংগ্রেসের সঙ্গে আসছেন। বহুত্ববাদের ঐতিহ্যকে রক্ষা করার লড়াই লড়ছে কংগ্রেস।’’