Advertisement
E-Paper

দুরন্ত গতিতে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে অর্ণব! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় শুরু বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার রাতে খানিক বাঁক নিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে সেটি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১৫:১২

— ফাইল চিত্র।

বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ‘অর্ণব’। আলিপুর আবহাওয়া দফতরের দুপুরের বুলেটিন বলছে, শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার। বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে অতি তীব্র ঘূর্ণিঝড় হয়ে ঝাঁপিয়ে পড়বে সে। তার প্রভাবে কলকাতা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ঝাড়গ্রামও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার। হতে পারে বজ্রপাতও।

হাওয়া অফিস দুপুর দেড়টায় যে বুলেটিন প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। মঙ্গলবার বিকেলে সমুদ্রের উপরে দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। এমনিতে সেই ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। রাতে খানিক বাঁক নিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে অতি তীব্র ঘূর্ণিঝড়। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপটলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনও এলাকা ধরে স্থলভাগে আছড়ে পড়বে ‘অর্ণব’। আছড়ে পড়ার সময় অন্ধ্র উপকূলে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার।

পশ্চিম মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি।

পশ্চিম মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি। — নিজস্ব চিত্র।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওড়িশার গোপালপুর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণে, বিশাখাপত্তনম থেকে ৪৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, অন্ধ্রের কাকীনাডা থেকে ২৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব, মছলীপট্টনম থেকে ৩৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে, বাপটলা থেকে ৪১০ কিলোমিটার পূর্বে এবং আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ১০৩০ কিলোমিটার পশ্চিম এবং উত্তর-পশ্চিমে অবস্থান করছে। উপকূলের সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে অতি তীব্র ঘূর্ণিঝড়ের।

অতি তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই চার জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের।

দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরে ফুলেফেঁপে উঠেছে সমুদ্র। প্রশাসনের নির্দেশ মেনে মৎসজীবীরা নৌকা নিয়ে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে একাধিক নৌকা ফিরে এসেছে। দিঘার সমুদ্রে পর্যটকেরা যাতে না নামেন, তাই প্রশাসন মাইকিং করে সতর্ক করেছে। মৎস্যজীবী সংগঠনের অন্যতম কর্মকর্তা লক্ষীনারায়ণ জানা জানান, প্রশাসন যেমন সতর্ক জারি করেছে, তেমন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে।

দুর্যোগের আশঙ্কায় বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮০০৫ হাওড়া–জগদলপুর এক্সপ্রেস ২৭ থেকে ৩০ অক্টোবর এবং ১৮০০৬ জগদলপুর–হাওড়া এক্সপ্রেস আগামী ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। এছাড়াও, ১৮১০৭ রাউরকেলা–জগদলপুর এক্সপ্রেস ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর এবং ১৮১০৮ জগদলপুর–রাউরকেলা এক্সপ্রেস ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং রেল পরিষেবা সচল রাখার স্বার্থেই এই আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের যাত্রাপথে সমস্যার মুখে পড়তে হতে পারে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী সময়ে আরও কিছু ট্রেন বাতিল বা পরিষেবার সময়ে পরিবর্তন করা হতে পারে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy