ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসাবে নির্বাচিত হওয়ার পরেই পাঁচ দফা প্রতিশ্রুতি দিলেন অ্যান্ডি বার্নহাম। সেই সঙ্গে সে দেশের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গ্রেটার ম্যানচেস্টারের বিদায়ী মেয়র বললেন, ‘‘আই হ্যাভ আ প্ল্যান।’’ আগামী সোমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগেই মন্ত্রিসভা চূড়ান্ত করে ফেলবেন বলেও জানিয়ে দিয়েছেন বার্নহাম।
গত ২২ জুন কিয়ের স্টার্মার প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতার পদ ছাড়ার ঘোষণা করার পর থেকেই তাঁর উত্তরসূরি নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ব্রিটিশ রাজনীতিতে। ঘটনাচক্রে, তার ঠিক তিন দিন আগেই গ্রেটার ম্যানচেস্টারের তৎকালীন মেয়র বার্নহাম উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড থেকে পার্লামেন্টের নিম্নকক্ষ, হাউস অফ কমন্স-এর উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। শেষপর্যন্ত শুক্রবার রাতে আনুষ্ঠানিক ভাবে লেবার পার্টির নেতা নির্বাচিত হন তিনি। লেবার পার্টির বিশেষ সম্মেলনে ন্যাশনাল এগ্জ়িকিউটিভ কমিটির (এনইসি) চেয়ারপার্সন শাবানা মাহমুদ পরবর্তী নেতা হিসাবে ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী’ বার্নহামের নাম ঘোষণা করেন।
আরও পড়ুন:
লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পরে বক্তৃতায় বার্নহাম যে পাঁচ দফা অঙ্গীকার করেছেন তার মধ্যে রয়েছে— ১. লেবার পার্টির ঘরোয়া বিবাদ মিটিয়ে দলকে ঐক্যবদ্ধ করা ২. রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও দোষারোপের রাজনীতি বন্ধ করে জনগণের জীবনের মানোন্নয়নে বাস্তবসম্মত পদক্ষেপ ৩. লেবার পার্টির মূল আদর্শগত ভিত্তি অনুসরণ ৪. ইংল্যান্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মানুষের স্বার্থরক্ষায় কাজ করা ৫. ক্ষমতার বিকেন্দ্রীকরণ।
ইতিহাস বলছে, ২০১৬ থেকে মোট ছ’জন নেতার প্রবেশ ও প্রস্থানের সাক্ষী হয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। স্টার্মারের পূর্বসূরিদের তালিকায় রয়েছেন ঋষি সুনক, এলিজাবেথ লিজ ট্রাস, বরিস জনসন, টেরেসা মে এবং ডেভিড ক্যামেরন। ঘটনাচক্রে, তাঁরা সকলেই বার্নহাম এবং স্টার্মারের দল লেবার পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী কনজ়ারভেটিভ পার্টির।