Advertisement
E-Paper

ফের বাণিজ্যিক জাহাজে হামলা! এ বার সংযুক্ত আরব আমিরশাহির উপকূলে, দায় নেয়নি কোনও পক্ষ, উদ্ধার ২২ ভারতীয় নাবিক

এমটি জেম নম্বর ২ নামে পানামার ওই জাহাজটি আমিরশাহির উপকূল থেকে ১৩ নটিক্যাল মাইল পশ্চিমে নোঙর করা ছিল। সেই সময়েই ড্রোন হামলা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১০:৩৪
ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

আবার বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হল পশ্চিম এশিয়ায়। এ বার সংযুক্ত আরব আমিরশাহির উপকূলে। শারজার কাছে পানামার পতাকাবাহী জাহাজটি নোঙর করা ছিল। শুক্রবার জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ এবং জলপরিবহণ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। জাহাজে ২২ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের সকলকেই উদ্ধার করা হয়েছে বলেও মন্ত্রী জানান।

আল জাজ়িরা-র প্রতিবেদন অনুযায়ী, এমটি জেম নম্বর ২ নামে পানামার ওই জাহাজটি আমিরশাহির উপকূল থেকে ১৩ নটিক্যাল মাইল পশ্চিমে নোঙর করা ছিল। সেই সময়েই ড্রোন হামলা হয়। হামলার পর পরই জাহাজে আগুন ধরে যায়। মন্ত্রী সোনওয়াল এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের নাবিকরা যে সুরক্ষিত রয়েছেন, এটাই স্বস্তির বিষয়। ওই জাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নাবিকদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।’’

ইউনাইটে কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, প্রাথমিক ভাবে জাহাজটিকে শনাক্ত করা যায়নি। হামলায় জাহাজের কতটা ক্ষতি হয়েছে, নাবিকদের অবস্থা কেমন, তা-ও জানা যাচ্ছিল না। যদিও পরে জানা যায়, সেটি পানামার পতাকাবাহী তেল ট্যাঙ্কার। তবে কারা হামলা চালিয়েছে, সেই বিষয়টি স্পষ্ট নয়। কোনও পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। পশ্চিম এশিয়ায় হরমুজ় প্রণালী এবং সংলগ্ন অঞ্চলে বার বার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটছে। ওই অঞ্চলে যাতে বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করা না হয়, তার জন্য বার বার সরব হয়েছে নয়াদিল্লি।

এর আগেও বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাবিকদের হতাহতের ঘটনা ঘটেছে। সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই অঞ্চলে স্থিতাবস্থা শান্তির পরিবেশ বজায় রাখার পক্ষে সওয়াল করেছে নয়াদিল্লি। কিন্তু তার পরেও দেখা গিয়েছে বাণিজ্যিক জাহাজগুলিকে নিশানা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে দু’টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটল। গত ৬ অক্টোবর হরমুজ় প্রণালীতে পানামার পতাকাবাহী জাহাজে হামলা হয়। সেই ঘটনায় ১১ জন ভারতীয় নাবিক আহত হন। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, অক্টোবরের শুরু থেকে সাতটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে।

UAE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy