ভিয়েতনামের এক দ্বীপের কাছে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। সেই নৌকায় ছিলেন ৩২ জন ভারতীয় পর্যটক। নিখোঁজ পর্যটকদের খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। নামানো হয় ডুবুরি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় পর্যটক। ভিয়েতনামের এক মন্ত্রী জানিয়েছেন, ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ভিয়েতনামের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের ফু খোয়া দ্বীপের কাছে। স্থানীয় কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি হন মে রুট থেকে পর্যটকদের নিয়ে আন থোই বন্দরে যাচ্ছিল। দুপুর ১টা (স্থানীয় সময়) নাগাদ নৌকাটি ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। নৌকা উল্টে যেতেই সকল যাত্রী সমুদ্রে তলিয়ে যান। কেউ কেউ সাঁতার কেটে বাঁচার চেষ্টা করেন।
বিষয়টি নজরে আসতে প্রথমে স্থানীয়েরা উদ্ধারকাজে নামেন। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন ভিয়েতনামের ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। ওই নৌকায় ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন। ছিলেন চার নাবিকও।
আরও পড়ুন:
ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। একই সঙ্গে ওই নৌকায় থাকা ভারতীয়দের পরিবারেরা যাতে উদ্ধারকাজ সম্পর্কিত যাবতীয় তথ্য পায়, তার জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে দূতাবাসের তরফে। হো চি মিন সিটিতে সহায়তা প্রদান কেন্দ্র তৈরি করা হয়েছে। দূতাবাসের তরফে কন্ট্রোল রুমের নম্বরও দিয়েছেন দূতাবাসের কর্তারা। যে নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে, সেগুলি হল— +৮৪৯১৫৫২৩৭, +৮৪৩৬২৮১৭৯৩০, +৮৪৯১৫৫২৩৭।
ঠিক এক বছর আগে, ২০২৫ সালের জুলাইয়ে ভিয়েতনামের হা লং উপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা উল্টে যায়। তাতে ২০ জন শিশু-সহ ৪৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছিল।