E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কানাডায় লিখন-বিতর্ক

গত কাল সারে-তে বিশ্বের সবচেয়ে বড় বৈশাখী মিছিল বার করেছিলেন কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:০৭
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

কানাডার একটি গুরুদ্বারে খলিস্তানপন্থী স্লোগান লেখা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভ্যাঙ্কুভারের খালসা দিওয়ান সোসাইটি বা কেডিএস নামে ওই গুরুদ্বার আসলে রস স্ট্রিট গুরুদ্বার নামেই এলাকাবাসীর কাছে বেশি পরিচিত। গত কাল সকালে কর্তৃপক্ষ দেখেন, গুরুদ্বারের পার্কিং লটের দেওয়াল জুড়ে অজস্র জায়গায় ‘খলিস্তান’ শব্দটি স্প্রে পেন্ট করে লেখা। কখন অজ্ঞাতপরিচয় কিছু লোক ঢুকে ওই খলিস্তানপন্থী স্লোগান লিখল, তা নিয়ে অন্ধকারে গুরুদ্বার কর্তৃপক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

গত কাল সারে-তে বিশ্বের সবচেয়ে বড় বৈশাখী মিছিল বার করেছিলেন কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের মানুষ। ভ্যাঙ্কুভারে সেই বৈশাখী মিছিল হয়েছিল গত সপ্তাহান্তে। কিন্তু কেডিএস কর্তৃপক্ষ সেই মিছিলে খলিস্তানপন্থীদের অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ রেখেছিলেন। সেই আক্রোশ থেকেই সম্ভবত গুরুদ্বারের দেওয়ালে এই গ্রাফিতি করা হয় বলে মনে করছে পুলিশ।

গুরুদ্বার কর্তৃপক্ষের তরফে সমাজমাধ্যমে এই ঘটনার বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে। শতাব্দী প্রাচীন ওই গুরুদ্বারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু সংখ্যক শিখ বিচ্ছিন্নতাবাদী আমাদের পবিত্র দেওয়ালে খলিস্তান জ়িন্দাবাদের মতো বিভাজনমূলক স্লোগান লিখে রেখেছে। খালসা সজনা দিবসের মতো পবিত্র অনুষ্ঠান পালন করতে এসে এই দৃশ্য দেখে আমরা মর্মাহত। কানাডার শিখ সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করতেই এই কাজ করা হয়েছে বলে আমরা মনে করি। শিখ ধর্ম এবং কানাডার সমাজের মধ্যে যে পারস্পরিক সুসম্পর্ক রয়েছে তাতে বিচ্ছেদ ঘটাতেই এই প্রয়াস বলে মনে করা হচ্ছে’। সংবাদ সংস্থা

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Khalistani Row Ottawa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy