গত দু’মাস ধরেই কার্যত গৃহবন্দি ছিলেন। অবশেষে সোমবার বাংলাদেশের গাইবান্ধা জেলায় পলাশবাড়িতে ৮১ ফুট উঁচু রামের মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা তথা শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেফতারের কথা ঘোষণা করল বাংলাদেশ প্রশাসন।
রবিবার গভীর রাতে পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধাগোবিন্দ কালীমন্দির এলাকা থেকে হরিদাসচন্দ্রকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি) গ্রেফতার করেছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগ আনা হয়েছে। সোমবার পলাশবাড়ি থানার ওসি সরোয়ার আলম খান গ্রেফতারির কথা জানিয়ে বলেন, ‘‘ঢাকার উত্তরা (পশ্চিম) থানার একটি মানি লন্ডারিং মামলায় হরিদাসচন্দ্রকে সিআইডি গ্রেফতার করেছে। তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’’
আরও পড়ুন:
ঢাকায় এনে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দফতরে হরিদাসচন্দ্রকে রাখা হয়েছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মহম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, ধৃতের ব্যাঙ্কের নথিতে ১০ কোটি টাকা অবৈধ লেনদেন ছিল। সেটি নগদ লেনদেন। এ ছাড়া হাওয়ালার (হুন্ডি) মাধ্যমেও লেনদেন হয়েছে। তাঁর দাবি, ২ জুলাই থেকে টাকার উৎস ও বিভিন্ন তথ্য অনুসন্ধান করছিল সিআইডি। অনুসন্ধান শেষে রবিবার হরিদাসচন্দ্রের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। সে মামলায় তাঁকে রাতেই গ্রেফতার করা হয়।