আমেরিকার তরফে ফের যদি ইরান ভূখণ্ডের কোনও অংশে হামলা চালানো হয়, তা হলে তার পরিণাম হবে ‘ধ্বংসাত্মক’। শুধু তাই নয়, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফেও যদি তেহরানকে কোনও রকম হুমকি দেওয়া হয়, দেওয়া হবে তার যোগ্য জবাবও। আজ কার্যত এই সুরেই ওয়াশিংটনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইরানের শীর্ষ নেতৃত্ব।
এ দিকে, ইরানি সেনার মুখপাত্র মহম্মদ আকরামিনিয়ার এক মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ইরানের একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এত দিন বৈদেশিক আক্রমণ প্রতিহত করাই ছিল ইরান সেনার মূল লক্ষ্য। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে রক্ষণাত্মকের পাশাপাশি প্রয়োজনে আক্রমণাত্মক মনোভাব রাখার পক্ষপাতী দেশের সেনাবাহিনীর একটি বড় অংশ। ইরান সেনার এমন আগ্রাসী মনোভাব পশ্চিম এশিয়ার যুদ্ধের উত্তাপ ফের বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন ভূ-রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে তেহরানের উপর চাপ বাড়িয়েই চলেছে ওয়াশিংটন।