পাকিস্তানের আদিয়ালা জেল চত্বরেই স্ত্রী এবং বোনের সঙ্গে আজ দেখা হল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। ৯ মাস পরে নিজের পরিবারের লোকের সঙ্গে দেখা করতে পারলেন পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। গত কালই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গেই ইমরানকে তাঁর বাড়ির লোকের সঙ্গে দেখা করার অনুমতিও দেয় শীর্ষ আদালতের তিন সদস্যের বেঞ্চ। পাকিস্তানের প্রথম সারির কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, আজ সকালে প্রথমে বোন নুরিন নিয়াজ়ির সঙ্গে আদিয়ালা জেলের ‘কনফারেন্স রুম’-এ দেখা করেন ইমরান। পরে সেখানেই আলাদা ভাবে বুশরা বিবির সঙ্গে দেখা করেন তিনি। স্ত্রীর সঙ্গে তাঁর সেই সাক্ষাৎপর্ব চলেছে প্রায় ৩৫ মিনিটের মতো।