প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আবার পথে নামতে চলেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সঙ্গী হচ্ছে সে দেশের কয়েকটি কৃষক, শ্রমিক ও ছাত্র সংগঠন। আগামী রবিবার রাজধানী ইসলামাবাদ-সহ সে দেশের বড় শহরগুলিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে।
পিটিআই-এর ডাকা বিক্ষোভ মিছিলের জেরে ইসলামাবাদে বড় জনসমাগম হতে পারে বলে সে দেশের সংবাদমাধ্যম দ্য ডনের ইঙ্গিত। আন্দোলনকারীদের ‘অনুপ্রবেশ’ ঠেকাতে ২০ হাজারের বেশি কন্টেনার এনে পাকিস্তানের রাজধানীকে ঘিরে ফেলেছে পুলিশ। বুধবার থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে মোতায়েন করা হচ্ছে আধাসেনা রেঞ্জার্স বাহিনীকে! এমনকি, বিক্ষোভ সমাবেশ ঘিরে সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কায় ইসলামাবাদের বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বাড়তি রক্ত মজুত করা হচ্ছে বলেও প্রকাশিত প্রতিবেদনে দাবি।
আরও পড়ুন:
রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তাঁর প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। এই পরিস্থিতিতে বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের অনুগামীরা তাঁর মুক্তির দাবিতে নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। ২০২৩ সালের অগস্ট মাস থেকে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। তোষাখানা মামলায় ২০২৫ সালে ১৭ বছরের সাজা হয়েছিল ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির। প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধ ভাবে জমি ও সুবিধা নেওয়ার মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলা চলছে ইমরানের বিরুদ্ধে।