রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছেন তাঁরা দু’জনে। সেখানেই বৃহস্পতিবার বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের ‘প্রেস উইং’ মঙ্গলবার জানিয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত আধ ঘণ্টা ধরে হবে দ্বিপাক্ষিক বৈঠক। রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের সচিবালয় ভবনের ৩৪ তলায় দুই দেশের সরকার প্রধানের মধ্যে হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
ঘটনাচক্রে শাহবাজ়ের সঙ্গে বৈঠকের পরে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় বক্তৃতা করবেন তারেক। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রতলের উচ্চতাবৃদ্ধি জনিত সঙ্কট সম্পর্কিত একটি আলোচনাসভাতেও যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্র ও শনিবার নিউ ইয়র্কে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার তারেকের ঢাকায় ফেরার কথা।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে তারেকের দল বিএনপির বড় জয়ের পরেই প্রথম শুভেচ্ছাবার্তা ঢাকায় এসেছিল ইসলামাবাদ থেকে। তারেককে জয়ের অভিনন্দন জানিয়ে সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ়। প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার বার্তা দিয়েছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার শাহবাজ়-তারেক বৈঠকে বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি কথা হতে পারে ‘বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি’ (বিওএফ)-র আধুনিকীকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে। আলোচনা ফলপ্রসূ হলে বিওএফ-এর আধুনিকীকরণের কাজে পাক সেনা সরাসরি সহায়তা করবে। পাশাপাশি, ইসলামাবাদ-ঢাকা যৌথ উদ্যোগে বাংলাদেশে আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথ প্রশস্ত হবে।