মাকে মেরে ফেলেছে বাবা। বাড়ির দরজা খুলে বেরিয়ে এক পড়শির বাড়িতে ঢোকার চেষ্টা করলেন তরুণ। কিন্তু পারলেন না। উঠে দাঁড়ালেন। পিঠ থেকে রক্ত ঝরছিল। গুলি লেগেছে তাঁরও। কোনও মতে আরও এক পড়শির দরজায় টোকা দিলেন। পড়শি বেরিয়ে আসতেই তাঁকে যন্ত্রণাকাতর মুখে বললেন, ‘‘আমাকে বাঁচাও।’’ তার পরই লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রতিবেশীকে ওই তরুণ জানান, তাঁর মাকে গুলি করেছে বাবা। তাঁকেও গুলি করেন। কিন্তু কোনও ভাবে তিনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। পুলিশ জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মহিলা শীতল জ়েরেসিয়েনকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী কির্ক বি জ়েরেসিয়েনের বিরুদ্ধে। পুত্র এবং স্বামীর সঙ্গে জর্জিয়ার লরেল ক্রিক ট্রেলে থাকতেন শীতল। তিনি গুগলে কাজ করতেন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশী জানিয়েছেন যে, শীতলের বাড়ি থেকে তাঁরা গুলির শব্দ শুনতে পান। তার পরই তাঁরা দেখেন শীতলের পুত্র জেসন বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসছেন। চিৎকার করতে করতে তিনি বাঁচানোর জন্য সাহায্য চাইছিলেন। তাঁকে এক পড়শি নিজের বাড়িতে আশ্রয় দেন। তার পর পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। শীতলের দেহ ঘর থেকে উদ্ধার করা হয়। তবে পালিয়ে গিয়েছিলেন তাঁর স্বামী। জেসনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। কির্কের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় আটলান্টার কাছে কব কাউন্টি থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কব কাউন্টি অ্যাডাল্ট ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে কির্ককে।
২০ বছর ধরে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেছেন শীতল। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। পুলিশের সন্দেহ, পারিবারিক বিবাদের জেরেই খুন হয়েছেন শীতল। তবে তাঁর পুত্র জেসন এবং স্বামী কির্ককে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা চালানো হচ্ছে।