সরকার-বিরোধী বিক্ষোভে পুলিশকে গাড়ি চাপা দিয়ে আহত করার দায়ে শাহরাম সাদেঘি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট ‘মিজান অনলাইন’-এ জানানো হয়েছে, ‘জায়নবাদী শাসকগোষ্ঠী ও আমেরিকার সমর্থনে একটি পরিকল্পিত হামলা চালানোর দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহরাম সাদেঘির মৃত্যুদণ্ড আজ সকালে কার্যকর করা হয়েছে’। গত ৮ জানুয়ারি তেহরানের পশ্চিমে কারাজ শহরে বিক্ষোভের মধ্যে ওই ব্যক্তি তাঁর গাড়ি দিয়ে একাধিক পুলিশ আধিকারিককে চাপা দেন, যাঁদের মধ্যে জখম হন সাত জন।
গত ডিসেম্বরের শেষে মূলত জীবনযাত্রার বিপুল খরচের বিরুদ্ধে ইরানে প্রতিবাদ শুরু হয়েছিল, যা ৮ ও ৯ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভের চূড়ান্ত রূপ নেয়। ইরান কর্তৃপক্ষের দাবি, ওই বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ জন্য তারা আমেরিকা ও ইজ়রায়েল পরিচালিত ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’কে দায়ী করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে নিশানা করে আমেরিকা ও ইজ়রায়েলের হামলার মাধ্যমে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হয়েছে। তার পর থেকে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যা বেড়েছে।