ক্রমশ জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। গত কয়েক দিন ধরেই ইরানের বিভিন্ন প্রান্তে ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছিল আমেরিকান সেনাবাহিনী। গত কালও তার ব্যতিক্রম হয়নি। আমেরিকান বাহিনীর সেন্ট্রাল কমান্ড আজ সকালে এক্স-এর একটি পোস্টে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেন্ট্রাল কমান্ডের সেই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ইরান খুব খারাপ দিকটা বেছেছে। এখন এর মূল্য তাদের চোকাতে হবে।’ আর আমেরিকার টানা হামলার জেরে হরমুজ় প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃিততে তারা স্পষ্ট জানিয়েছে, আমেরিকা ওই এলাকায় নিজেদের হস্তক্ষেপ বন্ধ না করলে, পরবর্তী বিজ্ঞপ্তি পর্যন্ত হরমুজ় বন্ধই থাকবে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ পাল্টা জানিয়েছেন, হরমুজ় দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত চলবেই।
সাইপ্রাসের পতাকাবাহী এমভি জিএফএক্স গ্যালাক্সি নামে একটি বাণিজ্যিক জাহাজে সম্প্রতি হামলা চালায় ইরানের নৌবাহিনী। ১০ জন ভারতীয়-সহ জাহাজের বাকি কর্মীরা লাইফ বোটে করে পালাতে সক্ষম হলেও এক ভারতীয় নাবিক এখনও নিখোঁজ। আইআরজিসি-র দাবি, বৈধ অনুমতি ছাড়াই ওই পথ দিয়ে যাচ্ছিল এমভি জিএফএক্স গ্যালাক্সি। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের পাল্টা বক্তব্য, এই হামলার পরেই ইরানের উপরে হামলা আরও জোরদার করার নির্দেশ দেন ট্রাম্প। সেই মতোই ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ঘাঁটি, অস্ত্রাগার, যোগাযোগ পরিষেবা এবং উপকূলীয় নিরাপত্তা পরিকাঠামোয় কাল রাতে হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা কুয়েত, বাহরিন, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা আমেরিকান পরিকাঠামোকে নিশানা করেছে তেহরানও।