‘ভারতের গুরুত্বপূর্ণ অংশ জম্মু ও কাশ্মীর’ বলে মন্তব্য করেছিলেন এ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। তাঁর এই মন্তব্যের জেরে বুধবার ইসলামাবাদ তলব করল পাকিস্তানের মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। পাশাপাশি ইসলামাবাদের তরফে বিবৃতি জারি করে বিরোধিতা করা হয়েছে গোরের মন্তব্যেরও।
কাশ্মীরে প্রথম সফর করে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে দেখা করে সার্জিয়ো মন্তব্য করেছিলেন, জম্মু ও কাশ্মীর ভারতের। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, এই অঞ্চলে ভ্রমণের জন্য মার্কিন মুলুকের নাগরিকেদের যে পরামর্শ দেওয়া হয়, তাতে বেশ কিছু বদল আনা হবে। তারই বিরোধিতা করে ইসলামাবাদের দাবি, ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করা হয়েছে। ওই দেশের তরফে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও ওই অঞ্চলে বসবাসকারী মানুষের চাহিদা অনুযায়ী নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়। আন্তর্জাতিক আইন সম্পর্কে আমেরিকার ঘোষিত অবস্থানের সঙ্গে গোরের মন্তব্যের মিল নেই বলেও দাবি করা হয়েছে ইসলামাবাদের তরফে।
আরও পড়ুন:
অন্য দিকে, যাঁর মন্তব্যে পাকিস্তানের এই পদক্ষেপ, ভারতে নিযুক্ত আমেরিকার সেই রাষ্ট্রদূত বৃহস্পতিবার যাচ্ছেন লাদাখ সফরে।