Advertisement
E-Paper

পেনসিলভেনিয়ায় অন্তঃসত্ত্বা ও দুই শিশু- সহ ৮ জনকে গুলি করে খুন, বন্দুকবাজ আত্মঘাতী

শুক্রবার রাতে আমেরিকার পেনসিলভেনিয়ার ইরি শহরে গুলি চালনার ঘটনা ঘটে। ৪৫ বছর বয়সি এক ব্যক্তির গুলিতে মৃত্যু হল এক অন্তঃসত্ত্বা মহিলা ও দুই শিশু-সহ আট জনের। পুলিশ পৌঁছোনোর আগেই আত্মঘাতী হন ওই বন্দুকবাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৩:১৮
বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যুর পর পুলিশি ব্যারিকেডের ভেতর পরে থাকা রক্তাক্ত চাদর।

বন্দুকবাজের হামলায় ৯ জনের মৃত্যুর পর পুলিশি ব্যারিকেডের ভেতর পরে থাকা রক্তাক্ত চাদর। ছবি: রয়টার্স।

আমেরিকার পেনসিলভেনিয়ায় ফের বন্দুকবাজের হামলা। ৪৫ বছর বয়সি এক ব্যক্তির এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল আট জনের, যাঁদের মধ্যে এক জন অন্তঃসত্ত্বা মহিলা এবং দুই শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, আট জনকে খুনের পর ওই ব্যক্তি নিজেও আত্মঘাতী হয়েছেন।

শনিবার এক সাংবাদিক বৈঠকে ইরি পুলিশের প্রধান রিক লোরা জানান, শুক্রবার রাতে পেরি স্ট্রিটের একটি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোনোর আগেই সন্দেহভাজন হামলাকারী নিজেকে গুলি করেন। দোতলা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। লোরা বলেন, “কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরেও মনে থেকে যায়। এটি তেমনই একটি মর্মান্তিক ঘটনা।”

হামলার প্রকৃত কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। তবে পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত আট জনের মধ্যে সাত জনই ওই হামলাকারীর পরিবারের সদস্য এবং এক জন তাঁদের পারিবারিক বন্ধু। হামলাকারী প্রথমে বাড়ির ভিতরে গুলি চালান। তার পর বাড়ি থেকে বেরিয়ে এসে দুই মহিলাকেও গুলি করেন। আতঙ্কে ওই দুই মহিলা প্রতিবেশীদের কাছে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন।

ইরি শহরের মেয়র ড্যারিয়া ডেভলিন পুলিশকর্মীদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। তিনি বলেন, “পুলিশ এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়েছিল। তাঁরা অসীম সাহসিকতার সঙ্গে নিজেদের কর্তব্য পালন করেছে। পুলিশকর্মীরাও এই সমাজেরই অংশ, শুক্রবার রাতের এই ঘটনার আতঙ্ক তাঁদেরও বয়ে বেড়াতে হবে।”

পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো সমাজমাধ্যম এক্সে শোকপ্রকাশ করে জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, শাপিরো দীর্ঘ দিন ধরেই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পক্ষে সওয়াল করে আসছেন। ২০২৪ সালে তিনি পেনসিলভেনিয়ার সাধারণ পরিষদে আগ্নেয়াস্ত্র সংস্কার বিল পাশের জন্য জোর সওয়াল করেছিলেন, যার মধ্যে ‘ঘোস্ট গান’ (সিরিয়াল নম্বর ছাড়া বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র) নিয়ন্ত্রণের প্রস্তাবও ছিল। যদিও তাঁর বেশ কিছু প্রস্তাব রাজ্য আইনসভায় এখনও আটকে রয়েছে।

‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখনও পর্যন্ত আমেরিকায় ৪০০টিরও বেশি ‘মাস শ্যুটিং’ বা নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই সংস্থার মাপকাঠি অনুযায়ী, হামলাকারী ছাড়া অন্তত চার জন গুলিবিদ্ধ হলে তাকে ‘মাস শ্যুটিং’ বলা হয়। এর আগে পেনসিলভেনিয়ায় শেষ বার এ ধরনের ঘটনা ঘটেছিল জুলাই মাসে, ফিলাডেলফিয়ায়।

Mass Shooting Pennsylvania USA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy