ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে সোমবার থেকে শুরু হয়েছে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন’ (এসসিও)-এর রাষ্ট্রনেতাদের সম্মেলন। ওই সম্মেলনের পার্শ্ববৈঠকে এ বার মুখোমুখি বসলেন মোদী-পেজ়েশকিয়ান। ফেব্রুয়ারিতে আমেরিকা-ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই প্রথম মুখোমুখি বৈঠক হল দুই রাষ্ট্রনেতার। এ দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মোদীর।
সোমবার ভোর থেকে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পশ্চিম এশিয়ায়। হরমুজ় প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপে আমেরিকা হামলা চালিয়েছে বলে অভিযোগ। জবাবে ইরানও পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। এর আগে আমেরিকা শেষ বার ইরানে সরাসরি হামলা চালিয়েছিল জুলাই মাসে। ঘটনাচক্রে, পশ্চিম এশিয়া নতুন করে উত্তপ্ত হওয়ার কয়েক ঘণ্টা পরেই মুখোমুখি আলোচনায় বসলেন মোদী-পেজ়েশকিয়ান।
পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, পেজ়েশকিয়ানের সঙ্গে বৈঠকে দিল্লির অবস্থান স্পষ্ট করে দেন মোদী। নয়াদিল্লি বার বার বলে এসেছে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। বৈঠকে উঠে এসেছে হরমুজ় প্রণালীর পরিস্থিতির কথাও। ওই জলপথ দিয়ে অসামরিক জাহাজ যাতে অবাধ চলাচল করতে পারে এবং পণ্যবাহী জাহাজের নাবিকদের উপরে যাতে হামলা না-হয়, সে বিষয়টিও বৈঠকে তুলে ধরেন মোদী।
গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। তার পর থেকেই আমেরিকা-ইরানের সংঘাত ক্রমে তীব্র হয়েছে। হরমুজ় প্রণালীতে ‘অবরোধ’ শুরু করে ইরান। তার প্রভাব পড়ে গোটা বিশ্বের বাণিজ্যে। এ অবস্থায় সোমবার এসসিও বৈঠকে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজ়েশকিয়ান। কূটনৈতিক মহলের ধারণা, এই শীর্ষ সম্মেলন থেকে পশ্চিম এশিয়ার অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর সমর্থন আদায়ের চেষ্টা করতে পারেন তিনি।
সোমবার ভোরেই জর্ডনের কিং হুসেন এবং আল আজ়রাক মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘আগ্রাসনের শাস্তি’। এর প্রভাবে জর্ডনে অবস্থিত আমেরিকার প্রযুক্তিগত পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে, দাবি তেহরানের।