রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নির্বিঘ্নেই পালিত হল রথযাত্রা উৎসব। নজরকাড়া ভিড় দেখা গেল ঢাকায় ইসকনের স্বামীবাগ আশ্রমে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের রশিতে হাত ছোঁয়াতে সেখানে হাজির হয়েছিলেন কয়েক হাজার পুণ্যার্থী ও দর্শক।
স্বামীবাগে ইসকনের কেন্দ্রীয় কার্যালয় এবং প্রধান মন্দির থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টেয় (স্থানীয় সময়) শুরু হয় জগন্নাথ, বলদেব ও শুভদ্রার রথযাত্রা। বিডি নিউজ প্রকাশিত খবর জানাচ্ছে, শোভাযাত্রা জয়কালী মন্দির হয়ে শাপলা চত্বর আসে। তার পরে পল্টন মোড়, সচিবালয় মেট্রো স্টেশন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, দোয়েল চত্বর, শহিদ মিনার ও পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। হয় হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় ‘অগ্নিহোত্র যজ্ঞ’। রথ থেকে ভক্তদের প্রসাদও বিতরণ করা হয়।
আরও পড়ুন:
আয়োজকেরা জানিয়েছেন, ২৪ জুলাই (শুক্রবার) উল্টোরথ যাত্রা শুরু হবে। ঢাকেশ্বরী মন্দির থেকে একই পথে আবার ইসকনের স্বামীবাগ আশ্রমে উল্টোরথ-যাত্রার সমাপ্তি ঘটবে। ২০২৪ সালের গত ৫ অগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তার পর থেকে সেখানে সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে বলে অভিযোগ। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা এমনকি দীপু দাস-সহ কয়েক জনকে খুনেরও অভিযোগ ওঠে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন পূর্বতন অন্তর্বর্তী সরকারের জমানায়। জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে গ্রেফতার করা হয় ইসকনের চট্টগ্রাম ডিভিশনের প্রাক্তন সম্পাদক সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। তবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জমানায় শান্তিতেই রথযাত্রা পালন হল বাংলাদেশে।