Advertisement
E-Paper

হিন্দু সংগঠনের নেতাদের সফরের সময় মহিলা কর্মীদের সরিয়ে দেওয়ায় বিতর্ক, সরছেন আইফেল টাওয়ারের পরিচালক

বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)-র উদ্যোগে সে দিনই শ্যেন নদীতে একটি নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ০৮:১৮
আইফেল টাওয়ার।

আইফেল টাওয়ার। ছবি: সংগৃহীত।

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানো ঘিরে বিতর্কের জেরে শেষ পর্যন্ত সরতে হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ার পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দলের প্রধান প্যাট্রিক ব্রাঙ্কো রুইভোকে। চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব থেকে সরবেন বলে বুধবার ‘আইফেল টাওয়ার অপারেটিং কোম্পানি’ এসইটিই ঘোষণা করেছে।

এসইটিই-র বিবৃতিতে বলা হয়েছে একটি অভ্যন্তরীণ তদন্তে ব্যবস্থাপনার ত্রুটি ধরা পড়ায় এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর অক্ষরধামের সন্ন্যাসীদের প্রতিনিধি দলের সফরের সময় আইফেল টাওয়ারের নারী কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর পরেই কর্মীরা ধর্মঘটে নেমেছিলেন। যার জেরে দর্শনার্থীদের জন্য সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল আইফেল টাওয়ার।

বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)-র উদ্যোগে সে দিনই শ্যেন নদীতে একটি নৌ-শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। কর্মীদের অভিযোগ, প্রতিনিধিদলকে স্বাগত জানানোর সময় নারী কর্মীদের সরে থাকতে বলা হয়েছিল। কয়েক জনকে দায়িত্ব থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয় এবং তাঁদের জায়গায় পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। নির্দিষ্ট কিছু এলাকা দিয়ে নারী কর্মীদের যাতায়াতও নিষিদ্ধ করা হয়েছিল বলে অভিযোগ। আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা এসইটিই-র দাবি, প্রতিনিধিদলের পক্ষ থেকে নারীদের সরিয়ে রেখে ব্যবস্থা করার কথা বলা হয়েছিল।

তবে সে শর্ত মেনে নেওয়া উচিত হয়নি বলে আগেই স্বীকার করেছিল সংস্থাটি। এসইটিই-র প্রেসিডেন্ট অ্যারিয়েল ওয়েইল জানিয়েছিলেন, ওই ব্যবস্থা সংস্থার মূল্যবোধ এবং নারী-পুরুষের সমতার নীতির পরিপন্থী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্যারিসের মেয়র এমানুয়েল গ্রেগোয়ার। ফরাসি মন্ত্রী অরোর বেরজ়ে, ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন এবং মধ্যপন্থী নেতা গ্যাব্রিয়েল আটালও ঘটনার নিন্দা করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ফ্রান্সে কোনও ধর্ম বা সংস্কৃতির নামে নারীদের অধিকার ও সমতার নীতি খর্ব করা যায় না। বিএপিএস-এর তরফে পরে ওই ঘটনায় অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছিল। কিন্তু তদন্তে অভিযোগের আঙুল ওঠায় সরতে হচ্ছে প্রধান পরিচালক রুইভোকে।

Paris

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy