কোনও অবস্থাতেই বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে। সোমবার এই হুমকি দিয়েছেন, জামায়াতে ইসলামির প্রধান তথা জাতীয় সংসদের বিরোধী দলনেতা শফিকুর রহমান।
সোমবার একটি কর্মসূচিতে শফিকুর বলেন, ‘‘আওয়ামী লীগ এত অপকর্ম করেছে যে দেশের ভেতরে স্থির থাকতে পারেনি। পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দুনিয়ার ইতিহাস হল, এক বার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না।’’ এর পরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে নিশানা করে শফিকুরের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘১৫ বছরে ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথ ধরে হাঁটা শুরু করেছে।’’
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলেছিল ঢাকা। কিন্তু সোমবার স্পষ্টতই অন্য অবস্থান নিলেন শফিকুর।