Advertisement
E-Paper

পরিণতি জানেন, তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা! কী কী হতে পারে? তিন সম্ভাবনা

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাথায় মৃত্যুদণ্ডের সেই খাঁড়া নিয়েই ৭৮ বছর বয়সি আওয়ামী লীগ নেত্রী দেশে ফেরার পরিকল্পনা করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২০:৩৩
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান, আরও এক বার সে কথা জানালেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদসংস্থা এএফপি-কে ইমেল মারফত একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে পরিণতি কী হতে পারে, তা তিনি জানেন। কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের দেশে ফিরবেন। এ ক্ষেত্রে তিনটি সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হাসিনা।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মাথায় মৃত্যুদণ্ডের সেই খাঁড়া নিয়েই ৭৮ বছর বয়সি আওয়ামী লীগ নেত্রী দেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। তবে বাংলাদেশে ঢুকলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে। জেলে পাঠানো হতে পারে। এমনকি, মৃত্যুদণ্ড কার্যকরও করা হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা ইমেলের প্রশ্নের জবাবে লিখেছেন, ‘‘আমাকে মেরে ফেলা হতে পারে। গ্রেফতার করা হতে পারে। জেলেও পাঠানো হতে পারে। নিজের পরিণতি সম্পর্কে আমি সচেতন। তবু আমি ফিরতে চাই। কারণ, আমার লোকজন আমাকে ডাকছে।’’

এর আগে সংবাদসংস্থা রয়টার্সকেও অনুরূপ সাক্ষাৎকার দিয়েছিলেন হাসিনা। সেখানেই প্রথম জানান, ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। তিনি একা নন, তাঁর সঙ্গে আওয়ামী লীগ সরকারের যে সমস্ত নেতা-মন্ত্রী দেশছাড়া হয়েছিলেন, সকলকে নিয়েই প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমার দলের নেতা-কর্মীদের উপর প্রবল অত্যাচার চলছে। তাঁদের দমিয়ে দেওয়া হচ্ছে। যদি মৃত্যু আসে, আমি চাই তা আমার দেশের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা-মাকে কবর দেওয়া হয়েছে, যেখানে তাঁদের রক্ত ঝরেছে।’’ হাসিনার প্রত্যাবর্তনের এই ঘোষণার পর বাংলাদেশের বিএনপি সরকারের তরফে কোনও মন্তব্য করা না-হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছিলেন, ডিসেম্বর বা জানুয়ারি নয়, যত শীঘ্র সম্ভব হাসিনা দেশে ফিরুন, চায় বাংলাদেশ। তাঁকে আইনি প্রক্রিয়া এবং বিচারের সম্মুখীন করার প্রয়োজনীয়তা রয়েছে।

২০২৪ সালে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন হাসিনা। পদত্যাগ করে তিনি পালিয়ে এসেছিলেন ভারতে। সেই থেকে ভারতেই আছেন তিনি। তাঁর প্রত্যর্পণ চেয়ে একাধিক বার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। অন্তর্বর্তী সরকারের শাসনের পর বাংলাদেশে আপাতত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতাসীন। হাসিনা সত্যিই ফেরেন কি না, ফিরলে তারেক রহমানেরা কী পদক্ষেপ করেন, তা নিয়ে কৌতূহল রয়েছে।

Sheikh Hasina Bangladesh bnp Tarique Rahman Bangladesh Awami League

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy