Advertisement
E-Paper

যে কোনও অনুপ্রবেশকারীকে ধ্বংস করার ক্ষমতা রাখি, হুঙ্কার চিনের

এই পরিস্থিতিতে আজ পিএলএ-র ৯০ তম প্রতিষ্ঠা দিবসে চিনা প্রেসিডেন্ট কী বলেন, সে দিকে সবারই কৌতূহল ছিল। কারণ, চিনফিং শুধু কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকই নন, তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনেরও চেয়ারম্যান। অর্থাৎ, সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ০৩:১৬
শক্তিমান: চিনা সেনার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি চিনফিং। ছবি: পিটিআই।

শক্তিমান: চিনা সেনার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি চিনফিং। ছবি: পিটিআই।

ডোকলামের টানাপড়েন নিয়ে সরাসরি একটি শব্দও নয়। তবে পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠা দিবসে প্রেসিডেন্ট শি চিনফিং দাবি করলেন, যে কোনও অনুপ্রবেশকারী শত্রুকে ধ্বংস করার ক্ষমতা চিনা সেনার রয়েছে।

ডোকলামে মুখোমুখি চিন ও ভারতের সেনা। চিনের সরকারি সংবাদমাধ্যম থেকে শুরু করে বিদেশ কিংবা প্রতিরক্ষা মন্ত্রক— ভারতের উদ্দেশে একটানা হুঙ্কার দিচ্ছিল সকলেই। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিংয়ে পৌঁছনোর আগে চিনের হুমকি বন্ধ হয়েছিল। বেজিংয়ে ডোভালের সঙ্গে সে দেশের স্টেট কাউন্সিলার ইয়াং জিয়েচির আলোচনাতে সন্ধির সূত্র খোঁজার চেষ্টা হয়েছে। শীতের আগে ডোকলাম থেকে দু’দেশের সেনা সরানো নিয়েও আলোচনা এগিয়েছে। এই পরিস্থিতিতে আজ পিএলএ-র ৯০ তম প্রতিষ্ঠা দিবসে চিনা প্রেসিডেন্ট কী বলেন, সে দিকে সবারই কৌতূহল ছিল। কারণ, চিনফিং শুধু কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকই নন, তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনেরও চেয়ারম্যান। অর্থাৎ, সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা। রবিবার ঝুরিহেতে এশিয়ার সব থেকে বড় সেনা প্রশিক্ষণ ঘাঁটিতে দাঁড়িয়ে চিনফিংয়ের মন্তব্য, ‘‘আমার দৃঢ় বিশ্বাস, সব অনুপ্রবেশকারীকে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা ও আত্মবিশ্বাস আমাদের বীর সেনাবাহিনীর রয়েছে।’’ চিনের দাবি, ডোকলামে ভারতীয় সেনা অনুপ্রবেশ করেছে। তাই অনেকেরই মতে, ‘অনুপ্রবেশকারী শত্রু’ হিসেবে চিনফিং দিল্লিকেই নিশানা করেছেন।

তবে সার্বিক ভাবে চিনা সেনার ক্ষমতাকে তুলে ধরেও ডোকলাম নিয়ে চিনফিং নির্দিষ্ট হুঙ্কার না দেওয়ায় পরিস্থিতি ইতিবাচক বলেই মনে করছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের এক কর্তার মতে, ‘‘ডোকলামের কথা তুলে মন্তব্য করতেই পারতেন চিনের প্রেসিডেন্ট। কিন্তু ভারত সঙ্কট মেটাতে আগ্রহী, সে কথা চিনা নেতৃত্বকে বলা হয়েছে। যুদ্ধ জিগিরের কোনও জায়গা নেই।’’ ভারতীয় কূটনীতিকদের মতে, চিনা সেনার শক্তিকে নিয়ে যে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রতিষ্ঠা দিবসে সেই ধরনের কথা বলাটা স্বাভাবিক। বিশ্বশান্তির প্রয়োজনীয়তার কথাও এ দিন তুলে ধরেছেন চিনফিং।

Xi Jinping China Chinese Army Infiltrators People's liberation army পিপলস লিবারেশন আর্মি শি চিনফিং

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy