দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফ্লাইদুবাইয়ের বিমানে হামলাকারী সহকারী পাইলট ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত। তাঁর আত্মহত্যার প্রবণতা ছিল। ইতিমধ্যে ইজ়রায়েলের গোয়েন্দা সংস্থাগুলি ঘটনার তদন্তে নেমে পড়েছে। সৌদি আরব কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ। তদন্ত কোন পথে এগোয়, জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত কী কী দাবি করেন, সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। তদন্ত কোন দিকে মোড় নেবে?
আজ বক্সা টাইগার রিজার্ভে বাঘ স্থানান্তর ও পুনর্বাসন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সায় বাঘ আনা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। আজ সকাল সাড়ে ১০টায় বক্সা টাইগার রিজার্ভে হবে বাঘ স্থানান্তর ও পুনর্বাসন অনুষ্ঠান। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভারও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও। পশ্চিমবঙ্গ সরকারের বন দফতর ও ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
১৯৮২ সালে প্রথম বারের এশিয়ান গেমসে সোনা পেয়েছিল ভারতের মেয়েদের হকি দল। তার পর থেকে সোনা অধরা। এ বার ফাইনালে উঠেছে ভারতীয় দল। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচই জিতেছে তারা। শুধু তা-ই নয়, এই পাঁচ ম্যাচে ৬৩টি গোল দিয়েছেন দীপিকা শেরাওয়াত-লালরেমসিয়ামি হারজোতেরা। স্বপ্নের ফর্মে রয়েছে ভারতীয় দল। ফাইনালে প্রতিপক্ষ চিন। দীপিকারা কি পারবেন দেশকে সোনা এনে দিতে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।