দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
নেপালে এখনও নিখোঁজ পশ্চিমবঙ্গের ৩৭ জন বাসিন্দা। রবিবার রাত পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে বিপর্যস্ত নেপাল থেকে। পড়শি দেশে ক্রমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। কাদামাটির স্তূপ যত সরানো হচ্ছে, তত বেরিয়ে আসছে দেহ। রবিবার রাত পর্যন্ত ৭৮১ জনের দেহ উদ্ধার হয়েছে নেপালে। তিব্বতের দিকেও উদ্ধার হয়েছে ১৬ জনের দেহ।
২৬ হাজার শিক্ষকের নিয়োগের জন্য আরও সময় চায় রাজ্য ও এসএসসি। সুপ্রিম কোর্টের বর্ধিত সময়সীমা আজই শেষ হচ্ছে। এ অবস্থায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও আট মাস সময় চায় রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তারা চাইছে, আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হোক। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সচিন সচদেবার এজলাসে শুনানির জন্য উঠবে কমিশনের আর্জি।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খোলা নিয়ে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। সে দিনের অশান্তির ঘটনায় দায়ের হয়েছে এফআইআর। সেই এফআইআরে নাম রয়েছে ডেরেকের। জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রবিবার ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রো়ডের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে পুলিশ। আজ বেলা ১২টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উজ়বেকিস্তান থেকে সোমবার কিরগিজ় প্রজাতন্ত্রে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেখানেই বসছে সংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন মোদী। ২০১৭ সাল থেকে ভারত এসসিও-র সদস্য। গত বছর এই সম্মেলন হয়েছিল চিনে।
পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দুর্যোগের শঙ্কা। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং হাওড়ার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। সেই তালিকায় রয়েছে বাঁকুড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওই জেলাগুলিতে।