Advertisement
E-Paper

নেপালের সুড়ঙ্গ থেকে ন’দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক! ভিতর থেকে ভেসে আসছে আরও স্বর, ত্রিশূলীতে আশায় উদ্ধারকারীরা

নেপালের বিভিন্ন প্রান্তে মোট ছ’টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। গত ২৬ অগস্ট ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে হড়পা বানের পর বহু শ্রমিক সুড়ঙ্গে আটকে পড়েন। এখনও নিখোঁজ ৯০০-র বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪১
নেপালের সুড়ঙ্গ থেকে শ্রমিককে উদ্ধার করেছে সে দেশের সেনাবাহিনী।

নেপালের সুড়ঙ্গ থেকে শ্রমিককে উদ্ধার করেছে সে দেশের সেনাবাহিনী। ছবি: নেপাল সেনা।

নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ন’দিন পর দু’জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকে আটকে আছেন। অনেক গলার স্বর শোনা যাচ্ছে। উদ্ধারকারীদের আশা, আরও অনেককেই বাঁচানো সম্ভব হবে। তবে একই সঙ্গে ওই সুড়ঙ্গ থেকে এক জনের দেহ উদ্ধার করা হয়েছে। দেহটি শনাক্ত করার মতো পরিস্থিতিতে নেই, জানিয়েছেন উদ্ধারকারীরা।

নেপালের বিভিন্ন প্রান্তে মোট ছ’টি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছিল। গত ২৬ অগস্ট ভোটেকোশী ও ত্রিশূলী নদীতে হড়পা বানের পর বহু শ্রমিক প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়েন। অন্তত ৯০০-র বেশি শ্রমিক এখনও নিখোঁজ। রাসুয়া জেলার ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ স্টেশনের ৪০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছিল না সে দিন থেকেই। উদ্ধারকারীরা চেষ্টা চালাচ্ছিলেন। শুক্রবার সকালে সুড়ঙ্গ থেকে দু’জনকে বার করা হয়েছে। নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা রাম নেউপানে ফেসবুকে সফল উদ্ধার অভিযানের কথা জানিয়েছেন। উদ্ধার করা হয়েছে সঞ্জয় শাহ এবং কবীর মহারাজনকে। সঞ্জয় ওই জলবিদ্যুৎ প্রকল্পের মেকানিক্যাল ফোরম্যান এবং কবীর মেকানিক্যাল সুপারভাইজ়র। দু’জনকেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।

কবীরের স্ত্রী নেপালি সেনাকে ধন্যবাদ জানিয়েছেন। এটা তাঁর স্বামীর দ্বিতীয় জন্ম বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, ‘‘ও নতুন জীবন পেয়েছে। আমরা প্রচণ্ড খুশি। আমরা সকলে অপেক্ষা করছিলাম। এখন হাসপাতালে যাব ওদের দেখতে।’’

ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ স্টেশনের সুড়ঙ্গে আরও শ্রমিক আটকে আছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, আরও কয়েক জনের গলার স্বর শোনা যাচ্ছে নীচ থেকে। তাঁদেরও শীঘ্রই সুস্থ অবস্থায় বার করে আনা যাবে বলে মনে করা হচ্ছে।

বিপর্যয়ের কারণে নেপালের উদ্ধারকাজও বার বার ব্যাহত হচ্ছে। হড়পা বানে অনেক সরঞ্জাম ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত সামগ্রী দিয়েই কোনও রকমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সে দেশের সেনবাহিনী। কাদামাটি এবং ধ্বংসস্তূপে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তা সরিয়ে শ্রমিকদের বার করে আনার চেষ্টা চলছে।

রাসুয়ার লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পে অবশ্য ত্রিশূলীর মতো কোনও ‘অসাধ্যসাধন’ হয়নি। সেখানে সুড়ঙ্গে ১৫০ মিটার এগিয়ে সেনাবাহিনী দু’জন শ্রমিকের দেহ উদ্ধার করেছে। ভিতরে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ওই প্রকল্পে ৪১ জন কাজ করছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত নেপালে ১২৫৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৫০৫৩ জন এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে অনেক ভারতীয় পর্যটকও রয়েছেন।

সংক্ষেপে
  • ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
  • বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
  • হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
Nepal Flash flood Rescue Operation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy