Health Partner
Comfort Partner
Knowledge Partner

নবমীর পাতে কষা-ঝোল নয়! পাঁঠার মাংসের এই পদেই ফিরবে মুখের স্বাদ

পুজোয় বাইরের খাবার খেয়ে মুখে অরুচি? আবার সাদামাঠা খাবারেও মন নেই? তা হলে পাঁঠার মাংস দিয়ে বানিয়ে ফেলুন হালকা মশলার সুস্বাদু স্টু। নবমীর ভোজে আনবে স্বাদবদল।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৪
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পুজো শুরু হতেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া। কিন্তু একের পর এক বাইরের খাবার খেতে খেতে মুখে অরুচি ধরেছে? আবার সাদামাঠা খাবারেও মন টিকছে না। এ দিকে নবমীর পাতে পাঁঠার মাংস না থাকলেও যেন ঠিক জমে না! তা হলে কষা বা ঝোলের বদলে এ বার বানিয়ে ফেলুন পাঁঠার মাংসের স্টু। কম তেল-মশলায় তৈরি এই পদে হবে স্বাদবদলও, আবার পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছেও মিটবে। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

উপকরণ:

পাঁঠার মাংস – ৫০০ গ্রাম

সাদা তেল – ১ চা চামচ

তেজপাতা – ২টি

দারচিনি – ২টি

লবঙ্গ – ৩টি

ছোট এলাচ – ৪টি

গোটা ধনে – ১/২ চা চামচ

গোটা সাদা জিরে – ১ চা চামচ

গোলমরিচ থেঁতো – ১ টেবিল চামচ

রসুন কুচি – ১ চা চামচ

আদা কুচি – ১ ইঞ্চি

পেঁপে – ৬ টুকরো

গাজর – ৬ টুকরো

আলু – ৬ টুকরো

নুন – পরিমাণমতো

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

মাখন – ১ চা চামচ

প্রণালী:

প্রথমে প্রেসার কুকারে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে দিয়ে দিন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, গোটা ধনে, গোটা সাদা জিরে এবং থেঁতো করা গোলমরিচ। এর পর আদা ও রসুন কুচি দিয়ে দু’-তিন মিনিট সমস্ত মশলা ভেজে নিন।

এ বার আগে থেকে কেটে রাখা আলু, পেঁপে ও গাজর দিয়ে দিন। তার পর একে একে পাঁঠার মাংস দিয়ে সব কিছু দু’-চার মিনিট ভাল করে কষিয়ে নিন। এর মধ্যে হলুদ গুঁড়ো, তিন কাপ জল এবং স্বাদমতো নুন মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাঝারি আঁচে সাত-আটটি সিটি দিয়ে রান্না করুন।

সিটি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে গোলমরিচ গুঁড়ো ও মাখন দিয়ে দিন। সব কিছু ভাল করে মিশিয়ে নিলেই তৈরি পাঁঠার মাংসের স্টু।

পুজোয় বাইরের খাবার খেয়ে মুখে অরুচি ধরলে কিংবা ভারী মশলাদার পদ খেতে ইচ্ছা না করলে এই স্টু চেখে দেখতে পারেন। বাড়িতে সহজেই বানিয়ে পরিবেশন করুন পাঁঠার মাংসের এই পদ। পুজোর ভোজে স্বাদবদলও হবে, আবার বাড়ির লোকের প্রশংসাও মিলতে পারে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Mutton Recipe Festival Durga Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy