Advertisement
E-Paper

দীপাবলির পরই বেসরকারি কর্মীদের ‘বাড়বে’ পেনশন! নভেম্বরের বৈঠকে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইপিএফও?

ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব দেশের একাধিক শ্রমিক সংগঠন। গত ফেব্রুয়ারিতে বেসরকারি কর্মীদের পেনশনের বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্যও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৩:২৮
Representative Picture

—প্রতীকী চিত্র।

দীপাবলির পরেই বেসরকারি সংস্থার কর্মীদের জন্য বিশেষ ‘উপহার’! এ বার বাড়বে তাঁদের পেনশনের অঙ্ক? সেই লক্ষ্যে পদক্ষেপ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে বৈঠকে বসবে ‘এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন’ বা ইপিএফও-র অছি পরিষদ। সেখানেই এ ব্যাপারে আলোচনা হবে বলে সূত্র মারফৎ মিলেছে খবর।

বেসরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণকারী সংস্থা হল ইপিএফও। ভবিষ্যৎ সঞ্চয় তহবিলটির আবার দু’টি অংশ রয়েছে। একটির নাম, এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। অপরটি হল, এমপ্লয়িজ় পেনশন স্কিম বা ইপিএস। দ্বিতীয়টিরই ন্যূনতম মাসিক টাকার অঙ্ক বৃদ্ধির ব্যাপারে ইপিএফও-র অছি পরিষদের গুজরাট বৈঠকে আলোচনার সম্ভাবনা প্রবল।

ইপিএস-এর ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে দীর্ঘ দিন ধরেই সরব দেশের একাধিক শ্রমিক সংগঠন। ২০১৪ সালের সেপ্টেম্বরে সেটি মাসিক ১,০০০ টাকা ধার্য করে কেন্দ্র। শ্রমিক সংগঠনগুলির বক্তব্য, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে এই অর্থ যথেষ্ট নয়।

সেই কারণেই ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা এবং মহার্ঘ ভাতা বা ডিএ-কে (ডিয়ারনেস অ্যালাউন্স) এর অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে তারা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখায় আশ্বাস দিয়েছে মোদী সরকার। এ বছরের সেপ্টেম্বরে ইপিএফও-র গ্রাহকদের মাসিক আয়ের সর্বোচ্চ সীমা বৃদ্ধি করে কেন্দ্র। ১৫,০০০ থেকে বেড়ে সেটি হয়েছে ২৫,০০০ টাকা।

গত ফেব্রুয়ারিতে বেসরকারি কর্মীদের পেনশনের বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। তিনি বলেন, ‘‘ইপিএফও এবং এমপ্লয়িজ় স্টেট ইনসিয়োর‌্যান্স কর্পোরেশন (ইএসআইসি)-এর অধীনে মজুরির সর্বোচ্চ সীমা এবং ইপিএস-এর ন্যূনতম পেনশন বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার।’’

EPFO Pension Employees Provident Fund Employees pension scheme

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy