নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের সিগারেটের দাম আবার বাড়াল আইটিসি! সূত্রের খবর, সংস্থাটি তাদের নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের সিগারেটের দাম ইতিমধ্যেই বাড়িয়েছে। নতুন দামের পণ্য বাজারেও আসতে শুরু করেছে। এর মধ্যে ‘ক্লাসিক কানেক্ট’ এবং ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর সর্বোচ্চ খুচরো মূল্য (এমআরপি) বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, ‘ক্লাসিক কানেক্ট’-এর ২০টি সিগারেটের প্যাকেটের দাম এখন ৪২৮ টাকা, যা আগে ছিল ৩৯০ টাকা। অর্থাৎ, একধাক্কায় মূল্যবৃদ্ধি হয়েছে ৯.৭৪ শতাংশ। অন্য দিকে সূত্রের খবর, ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর ১০টি সিগারেটের প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বাড়িয়ে ৮৯ টাকা করা হয়েছে, যা ১২.৬৬ শতাংশ বৃদ্ধি।
আরও পড়ুন:
এ বছর সিগারেট শিল্পে কর-সংক্রান্ত কারণে দামে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি হার এবং নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কাঠামো কার্যকর করা হয়। করের বাড়তি বোঝা সামাল দিতে আইটিসি এবং অন্যান্য সিগারেট প্রস্তুতকারক সংস্থাগুলি এর পরেই বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়িয়েছিল। আইটিসির এই মূল্যবৃদ্ধির লক্ষ্য ছিল কর পরিবর্তনের প্রভাব কিছুটা প্রশমিত করা। এ-ও মনে করা হচ্ছিল, দাম বাড়লে বিক্রির পরিমাণের ওপর চাপ পড়তে পারে।
তবে সেই মূল্যবৃদ্ধির কয়েক মাসের মধ্যেই একাধিক ব্র্যান্ডের সিগারেটের দাম আবার বৃদ্ধি করল আইটিসি। সর্বশেষ এই মূল্যবৃদ্ধিটি উল্লেখযোগ্য, কারণ এটি কোনও নতুন কর ব্যবস্থার জন্য নয়, বরং মূল্য পরিবর্তনের ধারাবাহিকতায় করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ‘ক্লাসিক কানেক্ট’-এর দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০ টাকা এবং পরে ৩৯০ টাকা করেছিল। একই সময়ে ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’-এর দাম ৫৯ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করেছিল আইটিসি। পরে কম দামের এবং ‘পকেট প্যাক’ (ছোট প্যাকেটের) সিগারেট ব্র্যান্ডগুলির দামও বাড়িয়েছিল আইটিসি।
আরও পড়ুন:
উল্লেখ্য, আইটিসি তাদের নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের দাম আবারও বাড়ানোর পর বুধবার কোম্পানিটির শেয়ারের দর উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। বিএসই-তে শেয়ারটির দর ২.১৩% পর্যন্ত বেড়ে দিনের সর্বোচ্চ ২৬৩.৫০ টাকায় পৌঁছোয়, যা সামগ্রিক বাজারের তুলনায় ভাল পারফরম্যান্স। সকাল ৯:২৭ মিনিটে আইটিসি-র শেয়ার ১.৯% বেড়ে ২৬২.৯০ টাকায় লেনদেন হচ্ছিল, যেখানে বিএসই সেনসেক্স বৃদ্ধি পেয়েছিল ০.৩৮%।