Advertisement
E-Paper

ছাঁটাই করেই চলছে ওরাকল, ভোরে ইমেল পাঠিয়ে কর্মীদের একাংশকে সংস্থা জানিয়ে দিল, ‘আজই শেষ দিন’!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে এই নতুন দফার ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে ওরাকলে। ছাঁটাইয়ের মুখে পড়া কর্মীরা ইতিমধ্যই লিঙ্কডইন, রেডিট এবং ব্লাইন্ডের মতো প্ল্যাটফর্মে চাকরি হারানোর বিষয়টি তুলে ধরেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৬
Oracle has started another round of layoffs, affected employees gets early-morning email

ছবি: এআই সহায়তায় তৈরি।

ছাঁটাইয়ের পর ছাঁটাই চলছে ওরাকলে। ইমেল পাঠিয়ে আবার সংস্থার কর্মীদের একাংশকে চাকরিচ্যুত করল বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি। জানা গিয়েছে, ভোরবেলা ইমেল পাঠিয়ে ওই কর্মীদের ছাঁটাইয়ের কথা জানানো হয়। ইমেলে জানানো হয় যে প্রতিষ্ঠানের সামগ্রিক সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে তাঁদের পদগুলি আর থাকছে না। ইমেল পাওয়ার দিনই তাঁদের শেষ কর্মদিবস ছিল বলেও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে এই নতুন দফার ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে ওরাকলে। ছাঁটাইয়ের মুখে পড়া কর্মীরা ইতিমধ্যই লিঙ্কডইন, রেডিট এবং ব্লাইন্ডের মতো প্ল্যাটফর্মে চাকরি হারানোর বিষয়টি তুলে ধরেছেন। ‘বিজনেস ইনসাইডার’ জানিয়েছে, তারা এই দফায় ক্ষতিগ্রস্ত তিন কর্মীর সঙ্গে কথা বলেছে এবং কর্মীদের পাঠানো একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিও পর্যালোচনা করেছে। যদিও সর্বশেষ এই ছাঁটাইয়ের ফলে ঠিক কত জন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনও প্রকাশ করেনি ওরাকল।

ওরাকলের এই কর্মী ছাঁটাইয়ের সময়ে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। কৃত্রিম মেধা এবং ক্লাউড পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সংস্থাটি তাদের ডেটা-সেন্টার পরিকাঠামো ব্যাপক ভাবে সম্প্রসারণ করছে। পাশাপাশি খরচ কমানো এবং কর্মী কাঠামো পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে।

২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ওরাকল মূলধনি ব্যয়ের (ক্যাপিটাল এক্সপেন্ডিচার) খাতে ২৮৫০ কোটি ডলার খরচ করেছে। আগের বছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল ৮৫০ কোটি ডলার। অর্থাৎ, এ বার খরচ হয়েছে গত বছরের তিন গুণেরও বেশি। এর পাশাপাশি, ওরাকলের এআই ব্যবসার ক্ষেত্রেও জোরালো চাহিদা দেখা যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে যে, তারা ৩০০০ কোটি ডলারেরও বেশি মূল্যের নতুন এআই ক্লাউড চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে তাদের মোট ‘রিমেনিং পারফরম্যান্স অবলিগেশন’ বা আয়ের বকেয়া কাজের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬৬৪০০ কোটি ডলার। তবে এই সম্প্রসারণ প্রক্রিয়া বেশ ব্যয়বহুল। আর সে কারণেই সব দিক থেকে ব্যয় সঙ্কোচন করতে সংস্থাটি নতুন করে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ওরাকল যে কর্মী ছাঁটাই করতে চলেছে, তার আভাস আগেই মিলেছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল, এআই পরিকাঠামো তৈরির জন্য বিপুল পরিমাণ ঋণ নেওয়ার পাশাপাশি খরচ কমানোর লক্ষ্যে তথ্যপ্রযুক্তি সংস্থাটি কর্মী ছাঁটাইয়ের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছে।

এই প্রথম কর্মী ছাঁটাই করল না ওরাকল। এর আগেও কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে সংস্থাটি। গত অর্থবর্ষে ওরাকলের কর্মী সংখ্যা প্রায় ২১,০০০ বা ১৩ শতাংশ কমেছে। কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এক বছরে তাদের কর্মীসংখ্যা ১,৬২,০০০ থেকে ১,৪১,০০০-এ নেমে এসেছে।

পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে চাকরি থেকে অব্যাহতি বা বিদায়কালীন ভাতা এবং অন্যান্য খরচের জন্য সংস্থাটি ২০২৬ অর্থবর্ষে প্রায় ১৮৪ কোটি ডলার ব্যয় করেছে। ২০২৫ অর্থবর্ষে সেই ব্যয়ের পরিমাণ ছিল ৩৭.৪০ কোটি ডলার। ওরাকল জানিয়েছে, কর্মীদের সংখ্যা কমানোর এই সিদ্ধান্তের একটি অংশ তাদের কার্যক্রম জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গ্রহণ ও বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত। সংস্থার পুনর্গঠন কর্মসূচিও আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। গত সপ্তাহে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি জানিয়েছে যে, তাদের প্রত্যাশিত পুনর্গঠন ব্যয়ের সঙ্গে আরও প্রায় ৭০ কোটি ডলার যুক্ত করা হচ্ছে। এর ফলে চলতি অর্থবর্ষে পুনর্গঠন পরিকল্পনার মোট আনুমানিক ব্যয় বেড়ে প্রায় ২৮০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এই পরিকল্পনার ব্যয়ের মধ্যে রয়েছে বিদায়কালীন ভাতা, চুক্তি বাতিলের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ।

Oracle layoff Mass Layoff

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy