Advertisement
E-Paper

স্থায়ী আমানতের নিয়মে বড় বদল করল রিজ়ার্ভ ব্যাঙ্ক, ১ অক্টোবর থেকে পাল্টে যাবে ফিক্সড ডিপোজ়িটের সুদ?

চলতি বছরের ১ অক্টোবর থেকে সরকারি-বেসরকারি ব্যাঙ্কে স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজ়িট) সুদের হারে আসবে বড় বদল। কাদের উপর পড়বে প্রভাব? কারা পাবেন ছাড়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১৫:৫৬
Representative Picture

—প্রতীকী চিত্র।

স্থায়ী আমানত বা এফডির (ফিক্সড ডিপোজ়িট) নিয়মে বড় বদল। এ বার থেকে মোটা অঙ্কের লগ্নিতে সুদের হার পরিবর্তনের সুযোগ পাবে ব্যাঙ্ক। তবে প্রতি কর্মদিবসে সেটা প্রকাশ করতে হবে তাদের। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী, চলতি বছরের ১ অক্টোবর থেকে চালু হচ্ছে নতুন নিয়ম।

আরবিআই জানিয়েছে, নয়া ব্যবস্থার সর্বাধিক প্রভাব পড়বে ‘বাল্ক ডিপোজ়িটে’ (বিপুল পরিমাণে আমানত)। ওই ধরনের লগ্নির ক্ষেত্রে ‘লিকুইডিটি কভারেজ রেশিও’র শর্ত মেনে নগদের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সুদ দিতে পারবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। বর্তমানে একই দিনে এবং একই মেয়াদে সমপরিমাণ বাল্ক ডিপোজ়িটে সুনির্দিষ্ট সুদ পেয়ে থাকেন গ্রাহক।

এখন প্রশ্ন হল, কী এই বাল্ক ডিপোজ়িট? যখন কোনও গ্রাহক বিপুল পরিমাণ অর্থ কোনও ব্যাঙ্কে এফডি হিসাবে লগ্নি করেন, তখন তাকে বলা হয় বাল্ক ডিপোজ়িট। সাধারণত, এটা কোনও সংস্থা, প্রতিষ্ঠান, ট্রাস্টি বোর্ড বা ধনকুবেরদের করতে দেখা যায়। এর ন্যূনতম অঙ্ক তিন কোটি বা তার বেশি হয়ে থাকে।

রি‌জ়ার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি দিন সকাল ১০টা নাগাদ সরকারি ও বেসরকারি ব্যাঙ্ককে বাল্ক ডিপোজ়িটের সুদের হার প্রকাশ করতে হবে। এর জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় পাবে তারা। অর্থাৎ সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত বাল্ক ডিপোজ়িটের সুদের হার ওয়েবসাইটে তুলতে হবে তাদের। তার পর আর কোনও ভাবেই সেটা দেওয়া যাবে না।

তবে বাল্ক ডিপোজ়িটের ক্ষেত্রে ব্যাঙ্কের শাখা ভেদে সুদের হার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ গ্রাহক যে কোনও জায়গায় লগ্নি করলে একই সুদ পাবেন। উল্লেখ্য, কয়েক মাস আগেই এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করে আরবিআই। কিন্তু, তখন ব্যাঙ্কগুলি পরিকাঠামোগত সমস্যার কথা বলায় পিছিয়ে আসতে হয় তাদের।

রিজ়ার্ভ ব্যাঙ্কের দাবি, নতুন ব্যবস্থায় অনেক বেশি স্বচ্ছ এবং লাভজনক হবে বাল্ক ডিপোজ়িট। এতে নগদ জোগান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে খুচরো লগ্নিকারীদের উপর এর প্রভাব পড়বে না বললেই চলে। কারণ, কয়েক হাজার বা লাখ টাকার এফডির নিয়মে কোনও বদল আনেনি শীর্ষ ব্যাঙ্ক।

এর পাশাপাশি, সরকারি-বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী আমানতের প্রবীণ নাগরিকেরা অতিরিক্ত সুদ পেয়ে থাকেন। কিছু কিছু এফডিতে বিমার সুবিধাও রয়েছে। ১ অক্টোবর থেকে এই নিয়মগুলির কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই।

Fixed Deposit FD Interest Rate Reserve Bank of India (RBI)

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy