Advertisement
E-Paper

পুজোর সপ্তাহে ১.৫৫ লক্ষ কোটির লোকসান! খাদে পড়ে সেরা ১০-এর আটটি সংস্থা, তালিকায় নাম কাদের?

চলতি বছরের দুর্গাপুজোর সপ্তাহে জঘন্য পারফরম্যান্স করেছে শেয়ার বাজার। এর জেরে বিপুল পরিমাণে বাজারি মূলধন হারিয়েছে সেরা ১০টির মধ্যে আটটি সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৯
Representative Picture

—প্রতীকী চিত্র।

সাত দিনে মহাপতন! এক সপ্তাহেই খাদে নামল শেয়ার বাজারের সেরা ১০টির মধ্যে আটটি সংস্থার স্টক। সব মিলিয়ে ১.৫৫ লক্ষ কোটি টাকা হারিয়েছে তারা। ফলে মাথায় হাত লগ্নিকারীদের। সোমবার, ২৬ অক্টোবর সেনসেক্স ও নিফটি ঘুরে দাঁড়ালেও ‘ড্যামেজ় কন্ট্রোলের’ জন্য সেটি যে যথেষ্ট নয়, তা বলাই বাহুল্য।

উৎসবের মরসুম চলায় চলতি বছরের ১৯-২৩ অক্টোবর পর্যন্ত রোজ খোলা থাকেনি বাজার। লেনদেন সংক্ষিপ্ত হওয়ায় সূচক ঊর্ধ্বমুখী থাকার আশা করা হচ্ছিল। কিন্তু, বাস্তবে তা ঘটেনি। বরং, এই সাত দিনে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্সে দেখা গিয়েছে ১৬০৫.৪৪ পয়েন্টের পতন। শতাংশের নিরিখে যা হল ২.১৫।

১৯-২৩ অক্টোবর একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। ৫৪৬.১৫ পয়েন্ট হ্রাস পায় সেখানকার শেয়ার সূচক নিফটি-৫০। এর পতনের পরিমাণ ২.৩৬ শতাংশ। বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির বাজার মূলধন ২০ লক্ষ ৭৮ হাজার ৭৭৪.২৮ টাকা কমে ৪ কোটি ৫১ লক্ষ ৮৩ হাজার ৩৯৩.১৪ টাকায় নেমে আসে। গত ১৬ অক্টোবর যেটি ছিল ৪.৭২ কোটি টাকা।

এই সময়সীমার মধ্যে বাজারের সেরা ১০টির মধ্যে আটটি সংস্থার লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৬৭১.৯০ টাকা। ওই তালিকার শীর্ষ স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। যার বাজার মূলধন ৫৫,৫০৬.৯৫ কোটি টাকা হ্রাস পেয়ে ১০,৬৭,১২১.১২ কোটি টাকায় চলে এসেছে। শুধু তা-ই নয়, সাত দিনে সংস্থাটির স্টকের দর হ্রাস পেয়েছে পাঁচ শতাংশ।

এইচডিএফসি ব্যাঙ্ককে বাদ দিলে অবশ্যই বলতে হবে বজ়াজ ফিন্যান্সের কথা। তাদের মূলধন কমেছে ৩৪,১৮০.৫১ কোটি টাকা। ফলে, ৫,৭৭,১৪৬.২১ কোটি টাকায় চলে আসে সেটি। এ ছাড়া, তালিকায় নাম রয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড, লাইফ ইনসিয়োর‌্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) ও ভারতী এয়ারটেলের।

দুর্গাপুজোর সপ্তাহে ২৭,০৬৫.০৮ কোটি টাকা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, ২৭,০৬৫.০৮ কোটি টাকা এলআইসি এবং ৯,৩৬০.৭৫ কোটি টাকা হারায় ভারতী এয়ারটেল। ফলে, এদের বাজার মূলধন নেমে আসে যথাক্রমে ১৬,১০,৩৭২.১১ কোটি, ৪,৮১,১৪২.৫৮ কোটি এবং ১১,৭৯,৪৫৪.৭০ কোটি টাকায়।

এ ছাড়াও ওই সাত দিনে জঘন্য পারফরম্যান্স করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই), ইনফোসিস এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। অন্য দিকে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এদের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ২৩,৫১৭ কোটি এবং ১,৭৮৮ কোটি টাকা।

সোমবার, ২৬ অক্টোবর, প্রায় ৪৮৩ পয়েন্ট বেড়ে ৭৩,৬০৬.৭৫ পয়েন্টে দৌড় থামায় সেনসেক্স। অন্য দিকে, প্রায় ১৫৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে নিফটি-৫০। ফলে বর্তমানে ২২,৭৫৩.২০ পয়েন্টে চলে এসেছে সেটি। দীপাবলির আগে এই চাঙ্গা ভাব বাজারে বজায় থাকে কি না, সেটাই এখন দেখার।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই, বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Stock Market News Sensex Nifty Bombay Stock Exchange National Stock Exchange

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy