সংস্থার খরচ কমানোর উদ্যোগ! কর্পোরেট, বিনোদন এবং ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বেচ্ছায় আগাম অবসরগ্রহণের সুযোগ দিল ‘দ্য ওয়াল্ট ডিজ়নি কোম্পানি’। বিনোদন জগতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানটি সম্প্রতি কর্মীদের সে কথা জানিয়েছে। ডিজ়নি-র সিনিয়র এগ্জ়িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা সিপিও সনিয়া কোলম্যানের তরফে পাঠানো একটি বার্তায় কর্মীদের ‘ভলানটারি আর্লি রিটায়ারমেন্ট অফার’ (ভিইআরও) বা স্বেচ্ছায় আগাম অবসরগ্রহণের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
ডিজ়নির তরফে জানানো হয়েছে, চাইলে আগাম অবসর নিতে পারেন সংস্থার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্তারা। আর সেই সিদ্ধান্ত নিলে তাঁরা বিস্তর সুযোগসুবিধাও পাবেন। কর্মীদের পদত্যাগের সুযোগ করে দেওয়া এবং একই সঙ্গে দীর্ঘ দিনের কর্পোরেট সেবার স্বীকৃতিস্বরূপ তাঁদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন একটি প্যাকেজের ব্যবস্থা করার লক্ষ্যেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।
ডিজ়নির তরফে ঘোষণা করা হয়েছে, যে কর্মীরা ওই আগাম অবসরের প্রস্তাব গ্রহণ করবেন, তাঁরা নানাবিধ সুবিধার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ পাবেন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান ছাড়ার সময় আর্থিক ক্ষতিপূরণ বা ‘সেভারেন্স পে’, আগে থেকে বরাদ্দকৃত কর্পোরেট শেয়ারের মালিকানা স্বত্ব অর্জনের প্রক্রিয়া অব্যাহত রাখা এবং বর্তমান কর্মীদের জন্য প্রযোজ্য প্রিমিয়াম হারে চিকিৎসা বিমা বা মেডিকেল কভারেজের সুবিধা। এ ছাড়াও ‘সিলভার পাস’-এর মাধ্যমে ডিজ়নি থিম পার্কগুলিতে প্রবেশের সুবিধাও এতে অন্তর্ভুক্ত রয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
চলতি মাসে বিশ্লেষকদের সঙ্গে আয়-সংক্রান্ত এক আলোচনায় ডিজ়নির সিইও জশ ডি’আমারো এবং সিএফও হিউ জনস্টন আরও কর্মী ছাঁটাই এবং খরচ কমানোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। তার পরেই এই ঘোষণা।