আর নিখরচায় স্ক্যান করে ডিজিটাল লেনদেন নয়। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবহারে দিতে হবে মাশুল। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে যেটা চালু করছে কেন্দ্র। ফলে উৎসবের মরসুমে কেনাকাটার ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রেতাদের মনে। ইউপিআই, ক্রেডিট কার্ড নাকি নেট ব্যাঙ্কিং, আমজনতার জন্য কোন ডিজিটাল ব্যাঙ্কিং বেশি সস্তা? এই প্রতিবেদনে তার হদিস দিল আনন্দবাজার ডট কম।
কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ইউপিআইতে কোনও ব্যবসায়ীকে ২,০০০ টাকার বেশি দিলে তার উপর ০.৪ শতাংশ হারে বসবে মাশুল। যার পোশাকি নাম মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর)। তবে ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এর সর্বোচ্চ সীমা ৩০০ টাকা ধার্য করেছে সরকার। যদিও সংশ্লিষ্ট নিয়মের জন্য আমজনতাকে গুনতে হবে না অতিরিক্ত টাকা।
আরও পড়ুন:
ইউপিআই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও অবস্থাতেই সাধারণ নাগরিকের উপর চাপানো যাবে না এমডিআর। এই মাশুল শুধু মাত্র ব্যবসায়ীরাই দেবেন। সেদিকে নজর রাখার জন্য যাবতীয় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি, পরিষেবার সঙ্গে যুক্ত অ্যাপগুলিকেও গোপন চার্জ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এই সরকারি নিয়মের জেরে উৎসবের মরশুমে ইউপিআইতে কেনাকাটার ক্ষেত্রে কোনও বাড়তি খরচ হবে না গ্রাহকের। ক্রেডিট কার্ডেও একই সুবিধা রয়েছে। এতেও এমডিআর নিয়ে থাকে ব্যাঙ্ক। এখানে বিক্রেতাকেই বহন করতে হয় সেই খরচ। তবে ক্রেডিট কার্ডের লেনদেনে আলাদা কিছু চার্জ যুক্ত করার অধিকার রয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীর। যেটা পণ্য ও প্ল্যাটফর্মের উপর নির্ভর করে থাকে।
কেনাকাটার সময় ক্রেডিট কার্ড ব্যবহারের আবার অন্য সমস্যা রয়েছে। প্রতি মাসের সুনির্দিষ্ট তারিখে এর বিল মেটাতে হয় গ্রাহককে। সেটা ভুলে গেলে বাড়তি সুদ গুনতে বাধ্য হবেন ব্যবহারকারী। সেটা বার্ষিক ২০ থেকে ৪৪ শতাংশ হতে পারে। কিন্তু, ইউপিআইয়ের ক্ষেত্রে সেই সমস্যা নেই।
অনেকে মনে করেন নেট ব্যাঙ্কিং বা এনইএফটি (ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড্স ট্রান্সফার) ইউপিআইয়ের তুলনায় সস্তা। যদিও বিষয়টি মোটেই সেরকম নয়। ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) নিয়ম অনুযায়ী, গ্রাহক সেভিংস অ্যাকাউন্ট থেকে নিখরচায় অর্থ অন্যত্র অনলাইনে স্থানান্তর করতে পারেন। তবে অ্যাকাউন্টের ধরন অন্যরকম হলে এতে ফি চাপানোয় কোনও বাধা নেই।
আর্থিক বিশ্লেষকদের বড় অংশই ইউপিআইয়ের সঙ্গে ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিংয়ের তুলনা করতে নারাজ। তাঁদের কথায়, কেনাকাটার ক্ষেত্রে সাধারণত নেট ব্যাঙ্কিং ব্যবহার করেন না ক্রেতা-বিক্রেতারা। সেখানে ক্রেডিট কার্ড বা ইউপিআই বেছে নেওয়ার প্রবণতা অনেক বেশি। প্রথমটি ব্যবহারের অর্থ হল ধারে পণ্য কিনছেন গ্রাহক। সেটা না চাইলে ইউপিআই বেছে নেওয়াই ভাল।