ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জ়ামিনেশন (আইএসসিই) বা দশম শ্রেণির ২০২৬ সালের ইম্প্রুভমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন-এর (সিআইএসসিই) ওয়েবসাইট থেকে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবে পড়ুয়ারা। কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইট cisce.org-এ গিয়ে তাদের সংশোধিত স্কোরকার্ড দেখতে এবং ডাউনলোড করতে পারবে।
ওয়েবসাইট-এর হোমপেজে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়ে পড়ুয়াদের নিজেদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে লগ-ইন করতে হবে। ব্যক্তিগত ভাবে পরীক্ষার্থীরা ফল দেখার সুযোগ থাকছে। এ ছাড়াও স্কুলগুলি সিআইএসসিই-র ‘কেরিয়ার্স পোর্টাল’-এ গিয়ে প্রিন্সিপালের লগ-ইন আইডি ব্যবহার করে ছাত্রছাত্রীদের স্কোরকার্ড সংগ্রহ করে নিতে পারবে।
আরও পড়ুন:
চলতি বছরের ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দশমের ইম্প্রুভমেন্ট পরীক্ষা চলেছে। ওই পরীক্ষাটি মোট ৫,৩২১ জন দিয়েছে। কাউন্সিলের তরফে ৩৭টি বিষয়ে ১৩,০৩২টি পত্রের পরীক্ষা নেওয়া হয়েছিল। দেশের ৩৪১টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। খাতা দেখেছেন ১৮৫ জন পরীক্ষক।
ফলপ্রকাশের পর স্কুলগুলিকে ‘কেরিয়ার্স পোর্টাল’ থেকে ছাত্রছাত্রীদের বিস্তারিত ফলাফল-সহ আপডেটেড ট্যাবুলেশন রেজিস্টার ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যে সব পড়ুয়ার ফলাফল ইম্প্রুভমেন্ট পরীক্ষার পর পরিবর্তিত হয়েছে, তাঁদের সংশোধিত মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেবে সিআইএসসিই। তবে আঞ্চলিক অফিস থেকে এই নতুন নথিপত্র সংগ্রহ করার আগে স্কুলগুলিকে পড়ুয়াদের পুরনো মূল মার্কশিট এবং পাস সার্টিফিকেট জমা দিতে হবে।