দিল্লি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এনইপি ইউজিসিএফ ২০২২-এর অধীনে ভর্তি পড়ুয়াদের জন্য ২৮ ক্রেডিটের শর্তে এককালীন ছাড় দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম বর্ষের পড়াশোনা শেষ করার পর পরবর্তী বর্ষে উঠতে এই ব্যাচের পড়ুয়াদের ৪৪টি ক্রেডিটের মধ্যে ন্যূনতম ২৮টি ক্রেডিট অর্জন করা বাধ্যতামূলক হবে না। তবে এই ছাড় শুধু ২০২৫-২৬ ব্যাচের জন্য প্রযোজ্য এবং এটি এককালীন ব্যবস্থা। ২৮ ক্রেডিটের নিয়মটি স্থায়ী ভাবে বাতিল করা হয়নি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের এগ্জ়ামিনেশন ব্রাঞ্চ-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তির কিছু অংশ সংশোধন করেই এই সিদ্ধান্ত হয়েছে। ক্রেডিট-ভিত্তিক ব্যবস্থায় একটি শিক্ষাবর্ষের দুই সেমেস্টারে মোট ৪৪টি ক্রেডিট পাওয়ার সুযোগ থাকে। এর আগে পরবর্তী বর্ষে উন্নীত হতে অন্তত ২৮টি ক্রেডিট অর্জন করতে হত। নতুন ছাড়ের ফলে ২০২৫-২৬ ব্যাচের কোনও পড়ুয়া প্রথম বর্ষ শেষে ২৭টি বা তার কম ক্রেডিট পেলেও শুধুমাত্র ২৮ ক্রেডিটের শর্ত পূরণ না করার কারণে পরবর্তী বর্ষে ওঠা থেকে বঞ্চিত হবেন না।
তবে এই সিদ্ধান্তকে সব পরীক্ষার নিয়মে সামগ্রিক ছাড় হিসেবে দেখা যাবে না। বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ৪৪টির মধ্যে ২৮টি ক্রেডিট অর্জনের শর্ত থেকে ছাড় দেওয়া হয়েছে। ২১ জুলাই ও ২ সেপ্টেম্বর ২০২৫-এর বিজ্ঞপ্তিতে থাকা অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তি পড়ুয়াদের ক্ষেত্রেও এই ছাড় প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের জুলাই মাসে একাডেমিক কাউন্সিল এবং এগ্জ়িকিউটিভ কাউন্সিল-এর সিদ্ধান্তের ভিত্তিতে ২৮ ক্রেডিটের নিয়ম চালু করেছিল। পরে সেপ্টেম্বর মাসে এর প্রয়োগ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পড়ুয়াদের ক্ষেত্রে নির্ধারণ করা হয়। এ বার সেই একই ব্যাচকে এককালীন ২৮ ক্রেডিটের শর্ত থেকে ছাড় দেওয়া হল।