Advertisement
E-Paper

কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ভাষাশিক্ষা, ডিজিটাল দক্ষতা ইত্যাদি বিষয়ে ঘরে বসেই শেখার সুযোগ পড়ুয়াদের!

স্কুলপড়ুয়া থেকে শুরু করে কলেজের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকেরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী কোর্স বেছে নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১১:২৫
প্রতিকী ছবি।

প্রতিকী ছবি।

দুর্গাপুজোর ছুটির এখনও কিছু দিন বাকি। এই সময়ে ঘোরাঘুরি, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি অবসর সময়ে পড়ুয়ারা চাইলে নতুন কিছু শেখার সুযোগ কাজে লাগাতে পারেন।

বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শিক্ষামূলক মঞ্চে একাধিক বিষয়ে অনলাইন প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। স্কুলপড়ুয়া থেকে শুরু করে কলেজের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকেরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী কোর্স বেছে নিতে পারেন। অনেক ক্ষেত্রেই এই প্রশিক্ষণগুলির জন্য কোনও ফি দিতে হয় না। তবে শংসাপত্র পেতে আলাদা পরীক্ষা বা ফি প্রয়োজন কি না, তা আগে যাচাই করে নেওয়া জরুরি।

স্বয়মে রয়েছে বিভিন্ন বিষয়ের পাঠ

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে তৈরি ‘স্বয়ম’ মঞ্চে নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিভিন্ন বিষয়ের পাঠ পাওয়া যায়। বিজ্ঞান, গণিত, সাহিত্য, আইন, বাণিজ্য, ব্যবস্থাপনা এবং প্রযুক্তি-সহ নানা বিষয়ে কোর্স রয়েছে। ভিডিও পাঠ, পড়ার উপকরণ, অনুশীলনী এবং প্রশ্নোত্তরের মাধ্যমে শেখার সুযোগ মেলে। কোর্সে যোগ দেওয়া বিনামূল্যে হলেও শংসাপত্রের জন্য নির্দিষ্ট পরীক্ষায় বসতে ফি লাগতে পারে।

প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ শেখার সুযোগ

প্রযুক্তিতে আগ্রহী পড়ুয়ারা ‘এনপিটিইএল’-এর অনলাইন পাঠ দেখতে পারেন। আইআইটি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের তৈরি এই মঞ্চে প্রকৌশল, মৌলিক বিজ্ঞান, মানববিদ্যা এবং তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিষয় শেখার সুযোগ রয়েছে। পাঠে অংশ নেওয়া যাবে বিনামূল্যে। তবে শংসাপত্রের জন্য ঐচ্ছিক পরীক্ষায় বসতে সাধারণত প্রতি কোর্সে এক হাজার টাকা লাগে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতা

‘স্বয়ম প্লাস’-এর বিনামূল্যের কোর্সের তালিকায় শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং আর্থিক সচেতনতার মতো বিষয় রয়েছে। অন্য দিকে, ‘স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব’-এ বিভিন্ন ধরনের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পাওয়া যায়। তবে সব কোর্স বিনামূল্যে নয়। তাই ভর্তির আগে কোর্সের খরচ, ভাষা, মেয়াদ এবং যোগ্যতার শর্ত দেখে নেওয়া প্রয়োজন।

কী ভাবে বেছে নেবে কোর্স?

প্রথমে নিজের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী একটি বিষয় বেছে নেওয়া উচিত। এ ছাড়া, অল্প সময়ে শেষ করা যায়, এমন পাঠ দিয়ে শুরু করা যেতে পারে। নিয়মিত অনুশীলন এবং শেখা বিষয় দিয়ে ছোট প্রকল্প তৈরি করলে দক্ষতা আরও বাড়বে। পাশাপাশি একসঙ্গে অনেক কোর্সে ভর্তি না হয়ে একটি কোর্স সম্পূর্ণ করার দিকে নজর দেওয়াই ভাল পড়ুয়াদের জন্য।

Online Free Courses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy