Advertisement
E-Paper

কৃত্রিম বুদ্ধিমত্তায় একাধিক অনলাইন সার্টিফিকেট কোর্স আইআইটি খড়্গপুরে, কারা আবেদন করতে পারবেন?

পাঠ্যক্রমগুলির লক্ষ্য হল প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়া ও পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাঁদের চাকরির বাজারের চাহিদার উপযোগী করে তোলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৪:৫৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রচলিত ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে একাধিক স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্স চালু করেছে আইআইটি খড়্গপুর। অনলাইনে এই কোর্সগুলি করানো হবে। পাঠ্যক্রমগুলির লক্ষ্য হল প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পড়ুয়া ও পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা এবং তাঁদের চাকরির বাজারের চাহিদার উপযোগী করে তোলা।

১. জেনারেটিভ এআই ও এজেন্টিক এআই

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এই এগ্‌জ়িকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্সটি চালু হয়েছে। সম্পূর্ণ লাইভ ক্লাসের মাধ্যমে আট মাসের এই কোর্সে ফাউন্ডেশনাল মডেল, সিস্টেম ডিজাইন এবং বাস্তব ক্ষেত্রে এআই ব্যবস্থার ব্যবহার ও পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে। রয়েছে শিক্ষকদের তত্ত্বাবধানে দু’সপ্তাহের একটি প্রকল্পও।

যোগ্যতা: বিটেক, এমটেক, বিই, এমই, বিএসসি, এমএসসি, এমসিএ বা বিসিএ ডিগ্রি থাকতে হবে এবং তাতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর আবশ্যক। কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, এআই, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, গণিত এবং পরিসংখ্যানের পড়ুয়াদের এ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য বিভাগের প্রার্থীদের প্রযুক্তিক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

কোর্সের মোট ফি ১,৯৯,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা। এ ছাড়া, পড়ুয়া কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,৮২৫ টাকা।

২. অ্যাপ্লায়েড এআই ও মেশিন লার্নিং

আইআইটি খড়্গপুরের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগ পরিচালিত এই অনলাইন কোর্সে ছ’টি মূল মডিউল এবং একটি ক্যাপস্টোন প্রকল্প রয়েছে। মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, জেনারেটিভ এআই এবং বাস্তব ক্ষেত্রে এআই ব্যবস্থার প্রয়োগ ও পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

যোগ্যতা: বিটেক, এমটেক, বিই, এমই, বিএসসি, এমএসসি, এমসিএ বা বিসিএ ডিগ্রিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যান্য বিভাগের প্রার্থীদের প্রযুক্তিক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এই কোর্সের মেয়াদ হবে ৮ মাস। কোর্সটির মোট ফি ১,৯৯,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা দিতে হবে। কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,৮২৫ টাকা।

৩. প্রযুক্তি ও এআই নেতৃত্ব

কর্মরত পেশাদারদের জন্য পার্থ ঘোষ স্কুল অফ লিডারশিপের এই কোর্সটি চালু হয়েছে। এআই ব্যবস্থার মূল্যায়ন, প্রযুক্তিতে বিনিয়োগের পরিচালনা, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দেওয়ার প্রশিক্ষণ পাবেন। শনিবার ও রবিবার সকালে এই কোর্সের অনলাইনে ক্লাস নেওয়া হবে।

যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন এবং অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়া, যারা ডিপ্লোমা করবে তাঁদের ক্ষেত্রে ১২+৩ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। এই কোর্সের মেয়াদ হবে ৭ মাস। কোর্সের মোট ফি ২,০০,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা দিতে হবে। কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,৫০০ টাকা।

৪. এআই-নেটিভ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য এই কোর্সে ফুল-স্ট্যাক ডেভেলপমেন্ট, তথ্য পুনরুদ্ধার ব্যবস্থা, এজেন্টিক ওয়ার্কফ্লো এবং বাস্তবে ব্যবহারযোগ্য সফটওয়্যার তৈরি ও চালু করার প্রশিক্ষণ দেওয়া হবে। আইআইটি খড়্গপুরের শিক্ষকেরা সপ্তাহান্তে মোট ৯৬ ঘণ্টার লাইভ ক্লাস নেবেন। নকশা তৈরি থেকে সফটওয়্যার চালু করা পর্যন্ত সম্পূর্ণ এআই ব্যবস্থা তৈরির অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।

যোগ্যতা: সফটওয়্যার ডেভেলপমেন্টে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। এ ছাড়া পাইথন, জাভাস্ক্রিপ্ট অথবা টাইপস্ক্রিপ্টে দক্ষতা থাকতে হবে। এই কোর্সের মেয়াদ হবে ৮ মাস। কোর্সটির মোট ফি ১,৭৭,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা দিতে হবে। কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,০৩১ টাকা করে।

৫. অ্যাপ্লায়েড ডেটা সায়েন্স ও এজেন্টিক এআই

আইআইটি খড়্গপুরের এআইএমএল বিভাগের অধ্যাপক এবং শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞেরা এই কোর্স পড়াবেন। ছ’টি মূল মডিউলে মেশিন লার্নিং, পূর্বাভাসভিত্তিক বিশ্লেষণ, ব্যবসায়িক বিশ্লেষণ, কজ়াল এআই, জেনারেটিভ এআই, আরএজি ব্যবস্থা এবং এজেন্টিক ওয়ার্কফ্লো অন্তর্ভুক্ত রয়েছে।

যোগ্যতা: যে কোন স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। কোর্সটির মোট ফি: ১,৭৭,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা দিতে হবে। কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,০৩১ টাকা করে।

৬. বিল্ডিং এআই প্রোডাক্টস, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস

পণ্য নির্মাণের পরিকল্পনা, এআই কৌশল এবং ব্যবসায়িক ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে একত্রিত করে এই কোর্স তৈরি হয়েছে। প্রোডাক্ট ম্যানেজার, উদ্যোগপতি এবং প্রযুক্তিক্ষেত্রে কর্মরত পেশাদারদের জন্য এটি বিশেষভাবে উপযোগী। ৭২ ঘণ্টার বেশি লাইভ ক্লাসে এআই-ভিত্তিক পণ্য তৈরির পরিকল্পনা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মূল্যায়ন, আরএজি ব্যবস্থা, এজেন্টিক ওয়ার্কফ্লো, নিরাপত্তা পরীক্ষা, ব্যয়-লাভের হিসাব, নিয়ম মেনে চলা এবং বাজারে পণ্য আনার কৌশল শেখানো হবে।

যোগ্যতা: যে কোন স্নাতক ডিগ্রিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। কোর্সের মেয়াদ হবে ৬ মাস। কোর্সের মোট ফি ১,৯৯,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা দিতে হবে। কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,৮২৫ টাকা করে।

৭. প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম ইন ফিনটেক অ্যান্ড এআই

আইআইটি খড়্গপুরের বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট পরিচালিত এই কোর্সে আর্থিক প্রযুক্তি এবং এআইয়ের ব্যবহার শেখানো হবে। সাতটি মডিউলে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তি, ব্যয়-লাভের হিসাব এবং বাজারে পরিষেবা চালুর কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের ডিজিটাল পরিকাঠামোভিত্তিক পণ্য নিয়ে কাজ, নিয়ম মেনে চলার কাঠামো তৈরি এবং এআই ব্যবস্থাপনা সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মরত পেশাদারদের সুবিধার জন্য রবিবার সকালে ক্লাস নেওয়া হবে।

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ১০+২+৩ কাঠামোয় স্নাতক ডিগ্রি পাশ করা হতে হবে। কোর্সের মেয়াদ হবে ৩১ সপ্তাহ। কোর্সটির মোট ফি ১,৯০,০০০ টাকা এবং আসন বুকিংয়ের জন্য ১০,০০০ টাকা দিতে হবে। কিস্তিতে ফি দিতে চাইলে মাসিক ইএমআই পড়বে ৬,৫০০ টাকা করে।

আবেদন ও শংসাপত্র

আগ্রহী প্রার্থীরা আইআইটি খড়্গপুরের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে কোর্স, যোগ্যতার শর্ত এবং ভর্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। কোর্সগুলি সম্পূর্ণ করার পরে প্রার্থীদের ক্যাম্পাসে আয়োজিত শংসাপত্র প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগও থাকবে। সেখানে সংশ্লিষ্ট কোর্সের পরিচালক এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র গ্রহণ করতে পারবেন পড়ুয়ারা।

AI Certificate Course

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy