শিশুদের গাছপালা, ফসল, কৃষি ও খাদ্যের সম্পর্কে সহজ ভাবে শেখাতে নতুন ডিজিটাল শিক্ষামাধ্যম ‘অবনী— গ্রো উইথ নেচার’ চালু করেছে আইআইটি রোপারের কৃষি প্রযুক্তি উৎকর্ষ কেন্দ্র ‘অন্নম্ ডট এআই’।
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিশুদের আশপাশের গাছ, ফল, সবজি, মশলা, শস্য ও মিলেট চিনতে সাহায্য করবে এই মাধ্যম। কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুদের পর্যবেক্ষণ, অনুসন্ধান ও নিজের অভিজ্ঞতার মাধ্যমে কৃষি ও প্রকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করার লক্ষ্যেই এই অ্যাপ বানানো হয়েছে।
কোনও গাছ বা ফসল দেখে সেটা মোবাইল অ্যাপে দিলে, অ্যাপ সেটি শনাক্ত করে তার বিস্তারিত বৈশিষ্ট্য বলে দেবে। পাশাপাশি থাকবে দৈনিক চ্যালেঞ্জ এর মাধ্যমে গাছ চেনা, ডিজিটাল নেচার বুক, নেচার গ্যালারি এবং বিভিন্ন ফসল তুলনা করার সুযোগ।
আরও পড়ুন:
এ ছাড়া, হিন্দি ও ইংরেজি দুই ভাষায় কথা বলা যাবে এই অ্যাপে। আইআইটি রোপারের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে সকলে, এতে বিজ্ঞাপনও থাকবে না এবং শিশুদের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপে।
শিক্ষামহলের ধারণা, আননাম ডট এআই-এর সহ-প্রকল্প অধিকর্তা মুকেশ সাইনির নেতৃত্বাধীন এই উদ্যোগে ছোট বয়স থেকেই শিশুদের খাদ্য উৎপাদন ও কৃষি কাজ সম্পর্কে পরিচিতি তৈরি হবে।