বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে পরিবর্তন আনল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ‘গাইডলাইনস অন অ্যাসেসমেন্ট অফ পারসনস উইথ বেঞ্চমার্ক ডিজঅ্যাবিলিটিজ় ফর অ্যাডমিশন টু দ্য এমবিবিএস কোর্স, ২০২৬’ শীর্ষক নতুন নির্দেশিকায় মূলত মেধা ও যোগ্যতার উপর জোর দেওয়া হয়েছে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মেডিক্যাল শিক্ষার উচ্চমান, পেশাদারি দক্ষতা এবং রোগী সুরক্ষা বজায় রেখে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের যাতে সমান সুযোগ দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই পরিবর্তন।
নতুন নির্দেশিকার অনুযায়ী, এখন থেকে ইউনিক ডিজ়এবিলিটি আইডি কার্ড বা কোনও প্রতিবন্ধী শংসাপত্রে উল্লিখিত প্রতিবন্ধকতার শতকরা হার দেখে আর এমবিবিএস ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে না। মেডিক্যাল অ্যাসেসমেন্ট বোর্ড প্রার্থীর একটি ‘ফাংশনাল কমপিটেন্সি অ্যাসেসমেন্ট’ বা কার্যক্ষমতার পরীক্ষা নেবে। সেখানে সহকারি প্রযুক্তি বা অন্য ব্যবস্থার সাহায্য নিয়ে একজন শিক্ষার্থী এমবিবিএস পাঠ্যক্রমের প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও প্রয়োগ করতে পারছেন কি না, তা যাচাই করা হবে।
পাশাপাশি, ভর্তি প্রক্রিয়ায় ব্যবহৃত পরিভাষায়ও বড় বদল এনেছে এনএমসি। মনোনীত মেডিক্যাল অ্যাসেসমেন্ট বোর্ড থেকে এতদিন যে নথিটি দেওয়া হত, যাকে সচরাচর ‘ডিজ়এবিলিটি সার্টিফিকেট’ বলা হত—তার নাম বদলে রাখা হয়েছে ‘এলিজিবিলিটি সার্টিফিকেট’। কমিশনের মতে, কেবল শারীরিক অক্ষমতা বা অক্ষমতার পরিমাণ মাপার বদলে, একজন শিক্ষার্থী এমবিবিএস পড়ার জন্য কতটা যোগ্য—তা তুলে ধরাই এই সার্টিফিকেটের মূল লক্ষ্য।
সমগ্র দেশে পরীক্ষার্থীদের স্বার্থে এবং মূল্যায়নে সমতা আনতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস কেন্দ্র বা বোর্ডের সংখ্যা ১৬ থেকে বাড়িয়ে ৬১ করেছে। ভবিষ্যতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি চাইলে আরও সেন্টার যুক্ত করতে পারে বলেই জানানো হয়েছে।
এনএমসি জানিয়েছে, সংবিধান ও ২০১৬ সালের ‘আরপিডব্লিউডি’ আইন অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও মর্যাদা প্রাপ্য। কেবল প্রতিবন্ধকতা বা অক্ষমতা, কোনও শিক্ষার্থীর ডাক্তারি পড়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। তবে একই সঙ্গে চিকিৎসার মতো সংবেদনশীল ক্ষেত্রে রোগীর নিরাপত্তার স্বার্থে এবং চিকিৎসকের পেশাদারি দক্ষতা অর্জনে কোনও আপস করা হবে না বলে সাফ মন্তব্য এনএমসি-র।
এমবিবিএস কোর্সে ভর্তির ইচ্ছুক প্রার্থীরা ছাড়াও দেশের সব রাজ্য কাউন্সেলিং কর্তৃপক্ষ, এনএমসি স্বীকৃত মেডিক্যাল কলেজ এবং অ্যাসেসমেন্ট বোর্ডগুলির জন্য এই নির্দেশিকা আবশ্যিক করা হয়েছে।