দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে নিট এসএস ২০২৫ কাউন্সেলিং প্রক্রিয়ায় পরিবর্তন আনল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। ৫ অগস্টের বিজ্ঞপ্তিতে এমসিসি-র জারি করা গত ৩ অগস্টের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। আদালতের রায়ের ভিত্তিতে আবেদনকারী প্রার্থীরা আবার দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ে নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।
কেন বাতিল করা হল আগের বিজ্ঞপ্তি?
এমসিসি জানিয়েছে, দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া রিট পিটিশনের (সুনীল ও অন্যান্য বনাম মেডিক্যাল কাউন্সেলিং কমিটি) প্রেক্ষিতে ৫ অগস্ট প্রকাশিত নির্দেশিকার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ ও উদ্বেগ বিবেচনা করে ৩ অগস্টের বিজ্ঞপ্তি বাতিল করে পুরো সময়সূচি সংশোধন করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।
নতুন কাউন্সেলিংয়ের সময়সূচি
আসন প্রত্যাহার: ৭ অগস্ট ২০২৬ (বিকাল ৪টে পর্যন্ত)।
নতুন রেজিস্ট্রেশন: ৯ অগস্ট (সকাল ১০টা) থেকে ১০ অগস্ট (বিকাল ৬টা পর্যন্ত)।
ফি জমা দেওয়ার সময়সীমা: ১০ অগস্ট (রাত ৯টা পর্যন্ত)।
চয়েস ফিলিং ও লকিং: ৯ থেকে ১১ অগস্ট (বিকাল ৫টা পর্যন্ত), চয়েস লকিং থাকবে ১১ অগস্ট (সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)।
আসন বণ্টন ও ফলপ্রকাশ: ১২ অগস্ট প্রক্রিয়াকরণ শেষে ১৩ অগস্ট ফলাফল ঘোষণা করা হবে।
রিপোর্টিং ও ভর্তিপ্রক্রিয়া: ১৪ থেকে ২০ অগস্টের মধ্যে নির্দিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।
আসন সংখ্যায় গুরুত্বপূর্ণ পরিবর্তন
কাউন্সেলিংয়ের সময়সূচি পরিবর্তনের পাশাপাশি দ্বিতীয় পর্বের আসন বিন্যাসেও বদল এনেছে এমসিসি। সুপ্রিম কোর্টের ২৮ জুলাইয়ের নির্দেশের উপর ভিত্তি করে তামিলনাড়ুর সরকারি সার্ভিসের ১৫৩টি খালি সুপার স্পেশালিটি আসন দ্বিতীয় পর্বের অল ইন্ডিয়া কোটায় যুক্ত করা হয়েছে। প্রার্থীরা এই আসনগুলি নিজেদের পছন্দে অন্তর্ভুক্ত করতে পারবেন। পাশাপাশি, দেশের পাঁচটি ভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে আগের আসন সংখ্যার তালিকা থেকে আটটি সুপার স্পেশালিটি আসন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সব প্রার্থীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করা এবং বিস্তারিত আপডেট জানতে নিয়মিত এমসিসির অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।