প্রকাশিত হল ২০২৬-এর মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) কোর্সে ভর্তির ই-কাউন্সেলিং প্রক্রিয়ার সময়সূচি। মেডিক্যাল কাউন্সিল কমিটির তরফে প্রকাশ করা হয়েছে এই সূচি।
বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, কাউন্সেলিং প্রক্রিয়ার প্রথম রাউন্ডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে আগামী ১৮ অগস্ট থেকে। চলবে ২৩ অগস্ট পর্যন্ত। পরীক্ষার্থীরা ১৯ অগস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত নিজেদের চয়েস ফিলিং ও লকিং করতে পারবেন। সব প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন হলে আগামী ২৬ অগস্ট প্রথম রাউন্ডের আসন বণ্টনতালিকা প্রকাশ করা হবে।
প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় রাউন্ডের আসন বণ্টনের ফলাফল প্রকাশিত হবে ১১ সেপ্টেম্বর। এর পরও আসন ফাঁকা থাকলে তৃতীয় রাউন্ডের প্রক্রিয়া শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত, যার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। অবশেষে ফাঁকা থাকা অবশিষ্ট আসনে ভর্তির জন্য ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে ‘স্ট্রে ভেকেন্সি’ রাউন্ডের আবেদন নেওয়া হবে এবং ১৬ অক্টোবর তার ফলাফল প্রকাশ হতে পারে।
কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ দেওয়ার জন্য আবেদনকারীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। যার মধ্যে রয়েছে নিট এমডিএস ২০২৬-এর স্কোরকার্ড, অ্যাডমিট কার্ড, বিডিএস ডিগ্রি সার্টিফিকেট, ইন্টার্নশিপ সম্পন্ন করার প্রমাণপত্র, ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং প্রয়োজনীয় শিক্ষাগত নথিপত্র। এমসিসির তরফে সতর্ক করা হয়েছে, ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য মনোযোগ সহকারে পরীক্ষা করে নিতে হবে, কারণ ভুল তথ্য দিলে বা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম পূরণ না করা হলে পরীক্ষার্থীর আবেদন সরাসরি বাতিল হতে পারে।
আরও পড়ুন:
এ বছর নিট এমডিএস-এ নাম নথিভুক্ত করেছিলেন ৩০ হাজারেরও বেশি প্রার্থী। দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল। প্রথম ভাগে ১০০টি প্রশ্ন থাকে, সময় দেওয়া হয় ৭৫ মিনিট এবং দ্বিতীয় ভাগে ১৪০টি প্রশ্নের উত্তর লিখতে হয় ১০৫ মিনিটের মধ্যে। নির্ধারিত সূচি অনুযায়ী ২ জুন প্রকাশ করা হয়েছিল ফলাফল।