Advertisement
E-Paper

বাতিল হওয়া ২,৪৪৫ জনের নিট পিজি ফের হবে ৫ সেপ্টেম্বর, পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনবিইএমএস

বোর্ডের তরফে জানানো হয়েছে, কেবল নির্দিষ্ট ভাবে চিহ্নিত ও ক্ষতিগ্রস্ত যোগ্য পরীক্ষার্থীরাই এই পুনঃপরীক্ষার প্রবেশপত্র পাবেন। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডে উল্লেখিত তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪
এনবিইএমএস।

এনবিইএমএস। ছবি: সংগৃহীত।

মেডিক্যাল স্নাতকোত্তর কোর্সে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ‘নিট-পিজি ২০২৬’-এর পুনঃপরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। যে সব পরীক্ষার্থী পুনঃপরীক্ষা দেবেন, তাঁরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট natboard.edu.in থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীর নাম, নিট-পিজি রোল নম্বর ও অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, প্রার্থীর বিভাগ, ছবি, স্বাক্ষর এবং পরীক্ষার নির্দিষ্ট তারিখ, বরাদ্দকৃত পরীক্ষাকেন্দ্রের নাম, কোড এবং সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ডে। এ ছাড়াও রয়েছে কেন্দ্রে পৌঁছানোর সময়ও। শেষ ক’টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে তাও লেখা রয়েছে অ্যাডমিট কার্ডে। বোর্ডের তরফে জানানো হয়েছে, কেবল নির্দিষ্ট ভাবে চিহ্নিত ও ক্ষতিগ্রস্ত যোগ্য পরীক্ষার্থীরাই এই পুনঃপরীক্ষার প্রবেশপত্র পাবেন। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডে উল্লেখিত তথ্য মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে এনবিইএমএস-এর নিজস্ব ওয়েবসাইট nbe.edu.in-এ যেতে হবে। এর পর হোমপেজ থেকে নিট পিজি বিভাগে ক্লিক করে অ্যাডমিট কার্ডের লিঙ্কটি খুলতে হবে। সেখানে প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিতে হবে। লগ-ইন করার পর স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখা যাবে। সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, ৩০ অগস্ট দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩৯টি শহরের ১,১১১টি কেন্দ্র জুড়ে চলতি বছরের নিট পিজি আয়োজিত হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২,৬৫,৯৮০ জন পরীক্ষার্থী দিয়েছিলেন নিট পিজি। যার মধ্যে রাজস্থানের জয়পুরের দু’টি পরীক্ষাকেন্দ্রে অভ্যন্তরীণ বিদ্যুৎ বিভ্রাটের কারণে ২,৪৪৫ জন প্রার্থীর পরীক্ষা বাতিল হয়ে যায়। এর পরই এনবিইএমএস জানিয়েছিল আগামী ৫ সেপ্টেম্বর নিট পিজি ২০২৬-এর পুনরায় নেওয়া হবে ২,৪৪৫ জন প্রার্থীর। সেই পরীক্ষারই অ্যাডমিট কার্ড প্রকাশিত হল।

NEET PG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy