একাধিক বিষয়ে স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। স্নাতক স্তরে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু চলেছে এনএসওইউ-তে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
ন্যাশনাল এডুকেশন পলিসি (এনইপি) ২০২০ নিয়ম মেনে চার বছরের স্নাতক স্তরে ভর্তি নেওয়া হবে। স্কুল অফ হিউম্যানিটিজ়-এর দু’টি বিষয়, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এর চারটি বিষয়, স্কুল অফ সায়েন্সেস-এর পাঁচটি বিষয়, স্কুল অফ এডুকেশনের একটি বিষয় এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ়-এর দু’টি বিষয়ে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গণিত, ভূগোল, প্রাণিবিজ্ঞান, রসায়ন,উদ্ভিদবিদ্যা, এডুকেশন, অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে বিএ, বিএসসি বা বিকম পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বিষয় ভিত্তিক কোর্সমূল্য আলাদা আলাদা নির্ধারিত করা হয়েছে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আবেদনের জন্য নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ৩১ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।