রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) ২৪ আগস্ট ২০২৬ এনটিপিসি আন্ডারগ্র্যাজুয়েট সিবিটি-১ পরীক্ষার ফলপ্রকাশ করেছে। ৭ মে থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত চলা এই পরীক্ষার ২৭ জুন প্রকাশ করা হয়েছিল সম্ভাব্য উত্তর সঙ্কেত এবং প্রার্থীদের রেসপন্স শিট। উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর সুযোগ ছিল ৫ জুলাই পর্যন্ত।
যে সব প্রার্থী পরীক্ষায় বসেছিলেন, তাঁরা এখন আরআরবির নিজস্ব ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট আঞ্চলিক আরআরবি-র ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীরা এ বার নিয়োগের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন।
কী ভাবে ফল দেখবেন
১। প্রথমে সংশ্লিষ্ট আঞ্চলিক আরআরবি-র সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
২। নীচে ‘রেজাল্ট’ অথবা ‘লেটেস্ট নোটিফিকেশন’ বিভাগে গিয়ে আরআরবি এনটিপিসি আন্ডারগ্র্যাজুয়েট সিবিটি-১ ফলাফল ২০২৬-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। প্রকাশিত ফলাফলের পিডিএফ অথবা বাছাই করা প্রার্থীদের তালিকা বিভাগ খুলতে হবে।
৪। লিস্টে প্রার্থীদের নিজেদের রোল নম্বর সার্চ করে দেখতে হবে।
প্রার্থীরা এই ফলাফল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতেও পারবেন।
সিবিটি ২ কবে?
কর্তৃপক্ষ জানিয়েছে সিবিটি ১-এ উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষা আরআরবি এনটিপিসি আন্ডারগ্র্যাজুয়েট সিবিটি ২ আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ হবে। পরীক্ষার অ্যাডমিট কার্ড, পরীক্ষার নির্দেশিকা এবং অন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রার্থীদের সংশ্লিষ্ট আঞ্চলিক আরআরবি-র নিজস্ব ওয়েবসাইটে কিছু দিনের মধ্যে প্রকাশ হবে।