পিএইচডি শেষ করতে হবে সর্বোচ্চ ৮ বছরের মধ্যে। না হলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, জানিয়ে দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বোম্বে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, এক অভ্যন্তরীণ পর্যালোচনায় দেখা গিয়েছে, কিছু পড়ুয়ার পিএইচডি সম্পূর্ণ হতে ১০ বছরেরও বেশি সময় লাগছে। তাতে বহু গবেষণা আটকে থাকছে। এর পরই নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আট বছরের সময়সীমা নির্ধারণ করে প্রতিষ্ঠান।
আইআইটি বোম্বের ডিরেক্টর শিরীষ কেদারে জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যাঁরা পিএইচডি করছেন, তাঁদের তথ্য পর্যালোচনা করে দেখা হয়েছে। এর মূল লক্ষ্য ছিল পড়ুয়াদের কোথায় সমস্যা হচ্ছে তা চিহ্নিত করা এবং সে সমস্যা সমাধানের মাধ্যমে পড়ুয়াদের পিএইচডি সম্পূর্ণ করার জন্যে উৎসাহিত করা।
হিসাব বলছে, চলতি শিক্ষাবর্ষে ৬২০টি পিএইচডি ডিগ্রি দেওয়া সম্ভব হয়েছে। আইআইটি বোম্বের ইতিহাসে এটিই সর্বোচ্চ বার্ষিক হিসাব। প্রতিষ্ঠানের দাবি, এই প্রথম কোনও আইআইটি এক বছরে ৬০০-র বেশি পিএইচডি ডিগ্রি প্রদান করল।
আরও পড়ুন:
পিএইচডি শেষ হতে প্রায়ই বিলম্ব হয়। এর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। সুপারভাইজ়ারদের অন্য প্রকল্পে ব্যস্ত থাকা, গবেষকদের অন্য কাজে যোগ দেওয়া এবং প্রতিষ্ঠানের বাইরের প্রার্থীদের অন্য কাজে যুক্ত হয়ে পড়ার মতো বিষয়গুলি উঠে এসেছে পর্যালোচনায়। এর সঙ্গে কোভিড-১৯ অতিমারির কারণেও পিএইচডির কাজ পিছিয়ে যায় বলে কর্তৃপক্ষের দাবি। কিছু পড়ুয়া জানিয়েছে, তাঁদের পিএইচডি এক দশকেরও বেশি সময় ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল। এর পরই কর্তৃপক্ষ নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আট বছরের সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করার সিদ্ধান্ত নেন।
২২ অগস্ট সমাবর্তন সন্ধ্যায় পদক প্রদান অনুষ্ঠান হয়। প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সচিব উমেশ ওয়াঘমারে-এর উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠানে এই রেকর্ড সংখ্যক পিএইচডি ডিগ্রি প্রদান করে আইআইটি বোম্বে।