নিয়মিত পড়াশোনার পাশাপাশি চাকরির উপযোগী দক্ষতা গড়ে তুলতে সাহায্য করবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)। বিনামূল্যে তাদের অনলাইন কোর্সে যোগ দিতে পারবেন পড়ুয়ারা।
এডএক্স প্ল্যাটফর্মে এসবিআই-এর একাধিক কোর্স চালু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ এআই, আচরণগত অর্থনীতি, পার্সোনাল ব্র্যান্ডিং, কনটেন্ট মার্কেটিং, আর্থিক পরিষেবা এবং আন্তর্জাতিক বাণিজ্যের মতো বিভিন্ন বিষয়ে এই কোর্সগুলি নেওয়া হবে। এ ছাড়া, নিজের সুবিধা মতো সময়ে কোর্সগুলি করাও যাবে।
এসবিআই জানিয়েছে, তাদের প্রশিক্ষণ ব্যবস্থায় ৪০০-র বেশি কর্মরত ব্যাঙ্কার, ছ’টি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ২৫ হাজারেরও বেশি ই-লার্নিং পাঠ, কেস স্টাডি, প্রবন্ধ ও ভিডিয়োর সংগ্রহ রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এই কোর্সগুলির বিষয়বস্তু তৈরি করা হয়েছে।
এডএক্স-এ থাকা কোর্সগুলির মধ্যে রয়েছে,
১। ‘এআই এবং জেনারেটিভ এআই বিজনেস অটোমেশন’ কোর্সে কোনও প্রযুক্তিগত বা কোডিং দক্ষতা ছাড়াই ব্যবসায়িক কাজ স্বয়ংক্রিয় করা, সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে শেখানো হবে।
২। ‘অ্যাপ্লিকেশনস অফ এজেন্টিক এআই ইন ব্যাঙ্কিং’ কোর্সে ব্যাঙ্কিং ক্ষেত্রে এজেন্টিক এআই-এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে।
৩। ‘কনটেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি’ কোর্সে কনটেন্ট মার্কেটিং, ডিজিটাল বিপণন ব্যবস্থা এবং বিভিন্ন কনটেন্ট মার্কেটিং টুলের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ থাকবে।
৪। ‘পার্সোনাল ব্র্যান্ডিং’ কোর্সে ব্যক্তিগত ব্র্যান্ড ও সাধারণ ব্র্যান্ডের পার্থক্য, ব্যক্তিগত ব্র্যান্ড তৈরির প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শেখানো হবে।
৫। ‘এগ্রি ই-কমার্স ফ্রম ফার্ম টু গ্লোবাল মার্কেট কোর্সে ই-কমার্সের মাধ্যমে কৃষক, সমবায় এবং কৃষি-উদ্যোক্তাদের বৃহত্তর বাজার ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি তুলে ধরা হবে।
৬। ‘ইন্ট্রোডাকশন টু বিহেভিয়ারল ফাইন্যান্স’ কোর্সে আচরণগত অর্থনীতির প্রাথমিক ধারণা, আর্থিক বাজারে এর প্রভাব এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণে বিভিন্ন মানসিক ও আবেগগত পক্ষপাত সম্পর্কে কেস স্টাডির মাধ্যমে শেখানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এডএক্স-এ এসবিআই-এর এই কোর্সগুলি বিনামূল্যে করতে পারবে পড়ুয়ারা। তবে কোর্স সম্পূর্ণ করার পর যাচাইকৃত শংসাপত্র নিতে চাইলে নির্দিষ্ট ফি দিতে হবে। চাকরিমুখী দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন ক্ষেত্র সম্পর্কে ধারণা তৈরি করতে আগ্রহী পড়ুয়ারা নিজেদের সুবিধা মতো এই অনলাইন কোর্সগুলিতে অংশ নিতে পারবেন।