Advertisement
E-Paper

বিএড এবং এমএড কলেজের অনুমোদন নবীকরণে কড়া শর্ত, লাগবে একাধিক নথি, ভুল তথ্যে অনুমোদন বাতিলের হুঁশিয়ারি

কলেজের সভাপতি বা সম্পাদককে ১০০ টাকার স্ট্যাম্প পেপারে হলফনামা দিতে হবে যে, জমা দেওয়া সমস্ত নথি সত্যি। কোনও ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০০:৫৭

ছবি: এআই সহায়তায় প্রণীত।

২০২৬-’২৭ শিক্ষাবর্ষে রাজ্যের বেসরকারি বিএড ও এমএড কলেজগুলির অনুমোদন নবীকরণের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করল বাবাসাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে কলেজগুলিকে একাধিক গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ ভাবে শিক্ষকদের গত পাঁচ মাসের বেতন সরাসরি দেওয়া রয়েছে তার প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভুল তথ্য দেওয়া হলে এই বছরের জন্য কলেজের অনুমোদন বাতিল করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এক কর্তা।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ জুলাই সকাল ১১টা থেকে অনলাইনে অনুমোদন নবীকরণের লিঙ্ক চালু হবে এবং তা ১০ দিন খোলা থাকবে। অনুমোদন ফি বিশ্ববিদ্যালয়ের নোটিস পাওয়ার তিনটি কাজের দিনের মধ্যে জমা দিতে হবে। যে সব কলেজ ২০২৫ সালে অনুমোদন পায়নি বা বিভিন্ন ত্রুটির কারণে বিতর্কে রয়েছে, তাদের আগে সমস্ত ত্রুটি সংশোধন করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার পরেই নবীকরণের জন্য আবেদন করা যাবে।

নবীকরণের আবেদনের সঙ্গে যে নথিগুলি দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম শিক্ষকদের তালিকা। পাশাপশি অগ্নিনির্বাপক শংসাপত্র, বর্তমান পরিচালন সমিতি বা গভর্নিং বডি গঠনের প্রস্তাব, জানুয়ারি থেকে মে ২০২৬ পর্যন্ত শিক্ষকদের বেতন ব্যাঙ্কে জমা দেওয়ার বিবরণ, জমির দলিল ও মিউটেশন সংক্রান্ত নথি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কলেজের সভাপতি বা সম্পাদককে ১০০ টাকার স্ট্যাম্প পেপারে হলফনামা দিতে হবে যে, জমা দেওয়া সমস্ত নথি সত্যি। কোনও ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ধরা পড়লে সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন , ‘‘কোনও ভুল তথ্য ধরা পড়লে এই বছরের জন্য অনুমোদন বাতিল করা হবে। তাই সবাই যেন সঠিক ও নির্ভুল তথ্য দেন।’’

university

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy