নেপাল এবং হিমালয়ের পাদদেশের জনজীবন, সংস্কৃতি, লোককথা নিয়ে পড়াশোনা করার সুযোগ মিলতে পারে দার্জিলিং হিল ইউনিভার্সিটি-র তরফে। স্নাতকোত্তরে নেপালি অ্যান্ড হিমালয়ান কালচার বিষয়টি পড়ানো হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে। দু’বছরের ওই কোর্সে অনলাইন মাধ্যমে ভর্তি হওয়ার আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।
যে কোনও বিষয়ে স্নাতকেরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রবেশিকায় পাশ করতে পারলে ওই বিষয় নিয়ে মাস্টার অফ আর্টস (এমএ) পড়ার সুযোগ পাবেন। এ ছাড়াও নেপালি, সংস্কৃত কিংবা ভাষাতত্ত্ব বিষয়ে স্নাতক হলে উল্লিখিত বিষয়টি নিয়ে স্নাতকোত্তর স্তরে সরাসরি ভর্তি হওয়া যাবে। মোট আসন ৫০টি।
আরও পড়ুন:
তবে, সংশ্লিষ্ট বিষয়টি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের তরফে ইংরেজি ভাষা এবং সাহিত্য, গণজ্ঞাপন, ইতিহাস, গণিত, রাষ্ট্রবিজ্ঞান এবং জননীতি নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন। উল্লিখিত বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার মাধ্যমে ভর্তি হওয়া যাবে। প্রতিটি বিষয়ের জন্য ৫০টি করে আসন বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ২৮ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। যাঁরা প্রবেশিকার মাধ্যমে ভর্তি হতে চান, তাঁদের ১৪ অগস্ট থেকে ২১ অগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি নেওয়া হচ্ছে না।